দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ১ হাজার ৬৯১ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ২২ ক্যারেটের হলমার্ক করা ভালো মানের স্বর্ণের দাম বেড়ে প্রতি ভরি দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা।
গতকাল শনিবার সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। এদিকে, গত বুধবার তেলের দাম কমার মধ্যে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতিও স্বর্ণের বাজারে প্রভাব ফেলছে। সৌদি নেতৃত্বাধীন ইয়েমেনের সামরিক জোটের এক মুখপাত্র জানিয়েছেন, পবিত্র মক্কা নগরীর দক্ষিণে একটি হুতি ড্রোন সৌদি বিমান প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস করেছে।
ড্রোনটি পবিত্র নগরীর নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই এটি ধ্বংস করা হয়। মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার মধ্যেই স্বর্ণের দাম বেড়েছে। গতকাল সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সর্বসম্মতিক্রমে নতুন দাম নির্ধারণ করা হয়। বাজুস বলেছে, তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২১ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ লাখ ৯২ হাজার ৩৯৭ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা। এর আগে গত ১২ সেপ্টেম্বর স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওই দিন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়।
তখন ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ২২ হাজার ৪৯০ টাকা। ১৮ ক্যারেটের দাম ছিল ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা। অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে বলে জানিয়েছে বাজুস। তবে স্বর্ণ ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না।
বাজুসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পুরোনো অলংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে ১২ শতাংশ এবং পুরোনো অলংকার পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়ার সুযোগ থাকবে না। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে বাজুস নির্ধারিত এই বিক্রয়মূল্য কার্যকর থাকবে।
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ : তেলের দাম কমার মধ্যে গত বুধবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে। একই সঙ্গে বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদহার সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন। বাজারে এরই মধ্যে অন্তত ২৫ ভিত্তি পয়েন্ট সুদহার বাড়ানোর সম্ভাবনা অনেকটাই মূল্যায়িত হয়েছে। গত বুধবার বাংলাদেশ সময় সকাল ৯টা ১০ মিনিটে স্পট স্বর্ণের দাম শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩২৮ দশমিক ৩৯ ডলারে দাঁড়ায়।
সোমবার এক মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বনি¤œ পর্যায়ে নেমেছিল মূল্যবান এই ধাতুর দাম। তবে ডিসেম্বরে সরবরাহের জন্য মার্কিন স্বর্ণের ফিউচার শূন্য দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৬৯ দশমিক ৫০ ডলারে নেমেছে। বাজার বিশ্লেষক ফ্রাংক ওয়ালবাম বলেন, ‘কঠোর অবস্থানের ফেড স্বর্ণের দাম কমিয়ে দিতে পারে। অন্যদিকে, নরম বার্তা সুদহার বাড়ানোর প্রত্যাশা কমিয়ে স্বর্ণের দাম পুনরুদ্ধারে সহায়তা করতে পারে।
ব্যবসায়ীরা তেলের দাম এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতির দিকেও নজর রাখছেন। ’ সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষা হিসেবে সোনাকে বিবেচনা করা হয়। তবে সুদহার বাড়লে কোনো সুদ বা মুনাফা না দেওয়া সোনায় বিনিয়োগের সুযোগে ব্যয়ও বেড়ে যায়। এদিকে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত জ¦ালানি তেলের মজুত অপ্রত্যাশিতভাবে বেড়ে যাওয়ার পর তেলের দাম কমেছে।
একই সময়ে সৌদি আরবের ইয়ানবু বন্দরে তেল লোডিং সাময়িক বন্ধের পর সরবরাহ নিয়ে তৈরি হওয়া ঝুঁকিও মূল্যায়ন করছেন বিনিয়োগকারীরা। সিএমই ফেডওয়াচের তথ্য অনুযায়ী, গত বুধবার পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের সুদহার অন্তত ২৫ ভিত্তি পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা ৯২ দশমিক ৪ শতাংশ হিসেবে মূল্যায়ন করছেন ব্যবসায়ীরা। সুদহার সংক্রান্ত সিদ্ধান্তের পর ফেডের চেয়ারম্যান কেভিন ওয়ার্শ সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন।
মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতিও স্বর্ণের বাজারে প্রভাব ফেলছে। জার্মানির কোমার্জ ব্যাংক জানিয়েছে, এখন পর্যন্ত স্বর্ণের দামে আরও বড় চাপ না পড়াটা কিছুটা বিস্ময়কর। তাদের মতে, দীর্ঘমেয়াদি সরকারি বন্ডের উচ্চ সুদ এবং যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ঝুঁকি বৃদ্ধির কারণে স্বর্ণের দাম কিছুটা স্থিতিশীল রয়েছে। অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট রুপার দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৪ দশমিক ৬০ ডলারে উঠেছে।
প্লাটিনামের দাম শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে ১ হাজার ৭৮৮ দশমিক ২৫ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে ১ হাজার ৩০৯ দশমিক ৮০ ডলারে দাঁড়িয়েছে।


















