বিওয়াইডি গাড়ি ক্রয়ে গ্রাহকদের অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক পিএলসি। গাড়ি ক্রয়ে আরও সহজ ও সুবিধাজনক করতে আইএফআইসি ব্যাংক ও বিওয়াইডি বাংলাদেশের মধ্যে গত বুধবার একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের চিফ অব ব্রাঞ্চ বিজনেস হেলাল আহমেদ ও সিজি রানার বিডি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আমিদ সাকিফ খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় আইএফআইসি ব্যাংকের হেড অব এসএমই অ্যান্ড রিটেইল ব্যাংকিং ফারিহা হায়দার, সিজি রানার বিডি লিমিটেডের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মিথুন ভট্টাচার্য এবং হেড অব সেলস ফাহমিদ ফেরদৌস পুলকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারকের আওতায় সিজি রানার বিডি লিমিটেডের অনুমোদিত ডিলার পার্টনারদের মাধ্যমে বিওয়াইডি গাড়ি ক্রয়ের ক্ষেত্রে আইএফআইসি ব্যাংকের গ্রাহকেরা অগ্রাধিকারভিত্তিতে দ্রুত অটোলোন প্রসেসিং সুবিধা পাবেন। পাশাপাশি, ক্যাম্পেইন চলাকালে ০% লোন প্রসেসিং ফি এবং যোগ্য অটোলোন গ্রাহকেরা কোনো ইস্যুয়েন্স ফি ছাড়াই আইএফআইসি ব্যাংকের ক্রেডিট কার্ড সুবিধা উপভোগ করতে পারবেন।
এ ছাড়া বিওয়াইডি বাংলাদেশ কর্তৃক সময়ে সময়ে প্রদত্ত বিশেষ সুবিধা ও অফারের পাশাপাশি গ্রাহকেরা ৬ বছরের ভেহিক্যাল ওয়ারেন্টি এবং ৮ বছরের মোটর ও মোটর কন্ট্রোলার ওয়ারেন্টি সুবিধা পাবেন।


















