সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা নতুনপাড়া এলাকায় ননদের জামাইয়ের বাঁশের লাঠির আঘাতে মোছা. রাবিয়া (৪৫) নামের এক নারী গুরুতর আহত হয়েছেন। তার বাড়ি নেত্রকোনার বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের ফকিরাবাজার গ্রামে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। আহত ওই নারী ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তার বাম চোখের ওপরের কপালের অংশে আটটি সেলাই লেগেছে বলে জানিয়েছেন হাসপাতালের এক চিকিৎসক। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ধর্মপাশা থানার এসআই জহিরুল ইসলাম বলেন, নেত্রকোনার বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের ফকিরাবাজার গ্রামের বাসিন্দা মোছা.রাবেয়ার স্বামী নেই। গত প্রায় ১৫ বছর ধরে তিনি ধর্মপাশা উপজেলার ধর্মপাশা নতুনপাড়া গ্রামে ননদ মাসুদা আক্তারের সঙ্গে একই বসত ঘরে বসবাস করে আসছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৯টার দিকে মাসুদা আক্তার তার স্বামী আব্দুল ওয়াহাবের (৫৫) সঙ্গে পারবারিক বিষয় নিয়ে তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে আব্দুল ওয়াহাব বাঁশের লাঠি দিয়ে তার স্ত্রীকে আঘাত করার চেষ্টা করলে ফেরাতে গিয়ে রাবিয়া আহত হন। এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ আমরা পাইনি।



















