বগুড়ার দুপচাঁচিয়ায় পুলিশের পৃথক বিশেষ অভিযানে ২০০ গ্রাম গাঁজা ও ইয়াবাসহ ‘মাদকসম্রাজ্ঞী’ মরিয়ম বেগমসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে দুপচাঁচিয়া থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার তালোড়া ইউনিয়নের কইল কলোনি এলাকায় নিজ বাড়ি থেকে মরিয়ম বেগম (৫০)কে গ্রেপ্তার করা হয়।
তিনি ওই এলাকার মৃত হাবু মিয়ার মেয়ে ও মো. সেলিম প্রাংয়ের স্ত্রী। এ সময় তার হেফাজত থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অপর এক অভিযানে দুপচাঁচিয়া পৌরসভার মেইল বাসস্ট্যান্ডের ধাপেরহাট এলাকায় নাজিম প্রাং (৩০)কে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার পশ্চিম আলোহালী গ্রামের আব্দুর রহিমের ছেলে। তার হেফাজত থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ছাড়া একই এলাকায় জনৈক নিল চাঁদ প্রাংয়ের মুদিখানা দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি এখলাস খন্দকার ওরফে জনিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি পৌর চেঙ্গা এলাকার মামুন খন্দকারের ছেলে। দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বগুড়ার আদালতে পাঠানো হয়েছে।


















