রাজধানীর ডেমরা থানার পশ্চিম হাজিনগর এলাকার ক্যানেল সংলগ্ন ডিএনডি খাল থেকে মো. জীবন মিয়া (৩৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের পক্ষ থেকে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম জানান, আমরা সকাল আটটার দিকে খবর পেয়ে ডেমরা থানার পশ্চিম হাজিনগর প্রাইম কেয়ার ডায়াগনস্টিক হাসপাতালের ৩০ গজ পশ্চিম দিকে ক্যানেল পার সংলগ্ন ডিএনডি খাল থেকে আমরা মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, আমাদের ধারণা নিহত ব্যক্তি ওই খাল পারে গিয়েছিল এবং এইখানে একটি বৈদ্যুতিক খাম্বা ছিল ওই খাম্বায় হাত লেগে বিদ্যুৎ স্পৃষ্টে অচেতন হয়ে খালে পড়ে যায়।
ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের ভাইরা ভাই মো.শান্ত জানান, নিহত জীবন মাছের ব্যবসা করতো। পাশাপাশি তার নিজের মার্কেটে ছিল ভাড়া দিয়েই চলত। গতকাল সে নারায়ণগঞ্জের রুপগঞ্জের বাসা থেকে টিপু নামের এক ছেলের সঙ্গে ঢাকায় আসে। জীবন মিয়া রাত আটটা থেকে নয়টার মধ্যে বাসায় ফিরে আসত কিন্তু রাত দশটার পরেও যখন সে বাসায় না ফেরে তখন তার মোবাইলে ফোন দেওয়া হয় কিন্তু তার ফোন পাচ্ছিলাম।
পরে ডেমরা থানা থেকে ভোরের দিকে পুলিশ আমাদের ফোন দিলে আমরা গিয়ে তার মরদেহ সনাক্ত করি। তিনি আরো অভিযোগ করে বলেন, জীবনের তো কোন শত্রু ছিল না তবে আমাদের দাবি জীবনকে কে বা কাহারা হত্যা করে ওই জায়গায় রেখে গেছে। তিনি আরো জানান,নিহত জীবনের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার দড়িকান্দি এলাকার আব্দুল মজিদ মিয়ার ছেলে।
নিহতের একটি কন্যা সন্তান রয়েছে ও স্ত্রী তানজিলা আক্তার।


















