কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্য বিরোধের প্রভাব দেশটির কর্মসংস্থান খাতেও পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। অর্থনীতিবিদদের সতর্কতা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নতুন করে আরোপ করা ৫০ শতাংশ শুল্কের কারণে কানাডায় প্রায় ৯০ হাজার চাকরি হারানোর ঝুঁকি তৈরি হয়েছে।
ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ ট্রেভর সংবাদমাধ্যম গ্লোবাল নিউজকে জানিয়েছেন, শুল্ক কতদিন বহাল থাকে তার ওপর চাকরি হারানোর প্রকৃত সংখ্যা অনেকটাই নির্ভর করবে। তার হিসাব অনুযায়ী, সম্ভাব্য কর্মসংস্থান ক্ষতির প্রায় দুই-তৃতীয়াংশ সরাসরি শুল্কের আওতাভুক্ত পণ্য রপ্তানি করা প্রতিষ্ঠানগুলোতে দেখা দিতে পারে। আর বাকি এক-তৃতীয়াংশ প্রভাব পড়তে পারে এসব প্রতিষ্ঠানের সরবরাহকারী ও সংশ্লিষ্ট অন্যান্য খাতে।
এ পরিস্থিতিতে কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্রুত বাণিজ্য আলোচনা আবারও শুরু করার আহ্বান জানিয়েছে শ্রমিক সংগঠন ইউনাইটেড স্টিলওয়ার্কার্স (ইউএসডব্লিউ)। সংগঠনটির নেতাদের ভাষ্য, চলমান বাণিজ্য বিরোধের কারণে কর্মসংস্থান, শিল্পপ্রতিষ্ঠান এবং স্থানীয় কমিউনিটিগুলোতে অনিশ্চয়তা বাড়ছে। গত ২২ আগস্ট কানাডার ২৭ দশমিক ৬ বিলিয়ন ডলার মূল্যের পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র।
এর প্রতিক্রিয়ায় ৮ সেপ্টেম্বর থেকে নির্বাচিত কিছু মার্কিন পণ্যের ওপর ১৫, ২৫ ও ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কার্যকর করে কানাডা। শ্রমিক সংগঠনগুলোর মতে, কানাডা ও যুক্তরাষ্ট্রের অর্থনীতি দীর্ঘদিন ধরে পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সংযুক্ত। ফলে দুই দেশের বাণিজ্যিক বিরোধ দীর্ঘস্থায়ী হলে এর নেতিবাচক প্রভাব শ্রমিক, ব্যবসা প্রতিষ্ঠান এবং সাধারণ পরিবারগুলোর ওপর আরও বাড়তে পারে।
এ কারণে দ্রুত আলোচনার মাধ্যমে বাণিজ্যিক অনিশ্চয়তা কমিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার ওপর গুরুত্ব দিয়েছে ইউএসডব্লিউ।


















