নাটোরের লালপুর বাজারে উন্নয়নকাজের জন্য অপসারণ করা পুরোনো শেডের রড ও টিন সরকারি নিলাম বা উন্মুক্ত ডাক ছাড়াই ভাঙারি দোকানে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে লালপুর বাজার বণিক সমিতির সভাপতি রফিকুল ইসলামের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) খোঁজ নিয়ে জানা গেছে, লালপুর বাজারের অবকাঠামোগত উন্নয়নকাজের জন্য পুরোনো শেডটি অপসারণ করা হয়। শেডটি ভেঙে পাওয়া রড ও টিন নিয়ম অনুযায়ী নিলামে বিক্রি না করে বণিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম ও কয়েকজন সদস্য মাত্র ৩০ হাজার টাকায় স্থানীয় একটি ভাঙারি দোকানে বিক্রি করে দেন। অথচ প্রকাশ্য নিলামের মাধ্যমে এসব মালামাল বিক্রি করা হলে বাজারমূল্য অনুযায়ী আরও বেশি অর্থ পাওয়া যেত বলে জানান বাজারের ব্যবসায়ীরা।
তবে এসব মালামাল কেনার কথা স্বীকার করে স্থানীয় ভাঙারি ব্যবসায়ী ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু রায়হান বলেন, লালপুর বাজার বণিক সমিতির সভাপতি ও অন্যান্য দায়িত্বশীল ব্যক্তি তাঁর দোকানে রড ও টিন বিক্রি করেছেন। তিনি বলেন, ‘এটা আমার বৈধ ব্যবসা, আপনি বিক্রি করলেও কিনব, আরেকজন বিক্রি করলেও কিনব। ’ অভিযোগের বিষয়ে জানতে চাইলে বণিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম তা অস্বীকার করে বলেন, ‘মালামালগুলো বাইরে রাখলে চুরি হয়ে যেতে পারে, এজন্য মালামালগুলো আমার হেফাজতে রাখা আছে।
’ এ বিষয়ে বাজারের উন্নয়নকাজ তদারকির দায়িত্বে থাকা লালপুর উপজেলা প্রকৌশলী আওলাদ হোসেন বলেন, বিষয়টি তাঁর জানা নেই। তবে সরকারি সম্পত্তি এভাবে কেউ বিক্রি করতে পারবেন না। তিনি বলেন, ‘আমি খোঁজ নিচ্ছি। যেই বিক্রি করে থাকুক, সেগুলো ফেরত দিতে হবে। ’ লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আবীর হোসেন বলেন, বিষয়টি যাচাই করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



















