রাজধানীর যানজট কমানো এবং গণপরিবহন ব্যবস্থায় গতিশীলতা আনতে নতুন তিনটি মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নের কাজ এগিয়ে নিচ্ছে সরকার। ইতিমধ্যে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে পরিচালিত এমআরটি লাইন-১ এবং এমআরটি লাইন-৫ নর্দান রুটের সংশোধিত ব্যয় অনুমোদন দেওয়া হয়েছে।
একই সঙ্গে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও দক্ষিণ কোরিয়ার যৌথ অর্থায়নে নতুন এমআরটি লাইন-৫ সাউদার্ন রুটও অনুমোদন পেয়েছে। বুধবার অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রকল্প তিনটি অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারম্যান তারেক রহমান। পরিকল্পনা কমিশন সূত্র জানায়, তিনটি প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে প্রায় আড়াই লাখ কোটি টাকা।
এর মধ্যে এমআরটি লাইন-১ ও এমআরটি লাইন-৫ নর্দান রুটের ব্যয় ও মেয়াদ সংশোধনের প্রস্তাব ছিল। শুরুতে একনেকের মূল এজেন্ডায় শুধু এমআরটি লাইন-৫ সাউদার্ন রুট প্রকল্পটি উপস্থাপনের কথা থাকলেও পরে অপর দুটি প্রকল্পও একই সভায় তোলা হয়। এমআরটি লাইন-১: বিমানবন্দর থেকে কমলাপুর, পূর্বাচল পর্যন্ত জাইকার অর্থায়নে বাস্তবায়নাধীন এমআরটি লাইন-১-এর দৈর্ঘ্য ৩১ দশমিক ২৪ কিলোমিটার।
এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১ লাখ ১৪ হাজার ৩৯৪ কোটি ৮৯ লাখ টাকা। প্রকল্পটির একটি অংশ হবে পাতাল এবং অন্য অংশ উড়ালপথে। বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত ১৯ দশমিক ৮৭ কিলোমিটার অংশ হবে পাতালপথে। এ অংশে থাকবে ১২টি আন্ডারগ্রাউন্ড স্টেশন। স্টেশনগুলো হলো—এয়ারপোর্ট, এয়ারপোর্ট টার্মিনাল-৩, খিলক্ষেত, নদ্দা, নতুনবাজার, উত্তর বাড্ডা, বাড্ডা, আফতাবনগর, রামপুরা, মালিবাগ, রাজারবাগ ও কমলাপুর।
অন্যদিকে নতুনবাজার থেকে পূর্বাচল টার্মিনাল পর্যন্ত ১১ দশমিক ৩৭ কিলোমিটার হবে উড়ালপথ। এ অংশে সাতটি স্টেশন থাকবে। এগুলো হলো—জোয়ারসাহারা, বোয়ালিয়া, মোস্তুল, ক্রিকেট স্টেডিয়াম, পূর্বাচল সেন্টার, পূর্বাচল ইস্ট ও পূর্বাচল টার্মিনাল। এমআরটি লাইন-৫ নর্দান: হেমায়েতপুর থেকে ভাটারা সাভারের হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত হবে এমআরটি লাইন-৫ নর্দান রুট।
২০ কিলোমিটার দীর্ঘ এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৮৯ হাজার ৮৪৮ কোটি ৩৬ লাখ টাকা। এ রুটে মোট ১৪টি স্টেশন থাকবে। এর মধ্যে নয়টি হবে পাতাল এবং পাঁচটি উড়ালপথে। পাতাল অংশের স্টেশনগুলো হলো—গাবতলী, দারুস সালাম, মিরপুর-১, মিরপুর-১০, মিরপুর-১৪, কচুক্ষেত, বনানী, গুলশান-২ ও নতুনবাজার। উড়ালপথের স্টেশন হবে হেমায়েতপুর, বলিয়ারপুর, বিলামালিয়া, আমিনবাজার ও ভাটারা এলাকায়।
এমআরটি লাইন-৫ সাউদার্ন: গাবতলী থেকে দাশেরকান্দি নতুন এমআরটি লাইন-৫ সাউদার্ন রুট হবে গাবতলী থেকে দাশেরকান্দি পর্যন্ত। এ রুটের মোট দৈর্ঘ্য ১৭ দশমিক ২০ কিলোমিটার। এর মধ্যে ১৩ দশমিক ১০ কিলোমিটার হবে পাতালপথ। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪৫ হাজার ৫০৩ কোটি টাকা। এডিবি ও দক্ষিণ কোরিয়া যৌথভাবে প্রকল্পটিতে অর্থায়ন করবে।
নতুন তিনটি মেট্রোরেল লাইন রাজধানীর উত্তর, পূর্ব ও দক্ষিণাঞ্চলের মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগ তৈরি করবে। এর মাধ্যমে বিমানবন্দর, কমলাপুর, পূর্বাচল, সাভার, মিরপুর, গুলশান, ভাটারা ও দাশেরকান্দির মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলো মেট্রোরেল নেটওয়ার্কের আওতায় আসবে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, নতুন লাইনগুলো চালু হলে রাজধানীর বিভিন্ন প্রান্তের মধ্যে দ্রুত গণপরিবহন যোগাযোগ তৈরি হবে।
তবে প্রকল্পগুলোর বাস্তবায়ন নির্ধারিত পরিকল্পনা, অর্থায়ন ও সময়সূচি অনুযায়ী এগিয়ে নেওয়ার ওপর নির্ভর করবে।



















