ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার তরুণ রাফসান (২৫) মারা গেছেন। মাত্র পাঁচ দিনের জ্বরে আক্রান্ত হওয়ার পর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে চট্টগ্রাম নগরের ইমপেরিয়াল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, পাঁচ দিন আগে ডেঙ্গুতে আক্রান্ত হন রাফসান। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। পরে সোমবার সকালে তার শারীরিক অবস্থা আরও সংকটাপন্ন হয়ে পড়লে লাইফ সাপোর্টে নেওয়া হয়। শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে মঙ্গলবার তিনি মারা যান। রাফসান সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মির্জানগর গ্রামের নুরুল ইসলামের বড় ছেলে। তার অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে, সীতাকুণ্ডে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা দ্রুত মশক নিধন অভিযান জোরদার, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম বাড়ানো এবং জনসচেতনতা বৃদ্ধির দাবি জানিয়েছেন।



















