সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আর্থিক বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকায় উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
রোববার দুপুরে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ কথা জানান তিনি।
প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, চলতি বছরে বর্ধিত অর্থ বিতরণ করা সম্ভব না হলেও, আগামী বছর পুরোটা দেওয়া হবে।
ইয়াসের খান চৌধুরী উল্লেখ করেন, মফস্বলের সাংবাদিকরা সহযোগিতা পাচ্ছেন না, এমন ধারণা সঠিক নয়। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে উপজেলা ও জেলা পর্যায়ের সব সাংবাদিককে আর্থিক সহায়তা দেওয়া হয়।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল; জেলা, উপজেলা সব লেবেলেই– যারাই আর্থিক সহযোগিতা চান আমরা সহযোগিতা দিই। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জন্য বরাদ্দ হিসেবে যে ৬ কোটি টাকা আছে সেটা বাড়িয়ে ২৫ কোটি টাকা করার জন্য আমি ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি।’






















