খাগড়াছড়িতে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পৌর এলাকায় ব্যাটারিচালিত টমটমের সংখ্যা বৃদ্ধি, দূরবর্তী পাহাড়ি এলাকায় এসব যানবাহনের চলাচল, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ এবং পর্যটকদের নিরাপত্তাসহ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টা ১০ মিনিট থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। সভায় পৌর এলাকায় ব্যাটারিচালিত টমটমের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ার বিষয়টি তুলে ধরা হয়। পাশাপাশি সাজেকসহ দূরবর্তী পাহাড়ি এলাকায় এসব যানবাহন চলাচল করায় দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে বলে আলোচনা হয়।
এ বিষয়ে দূরবর্তী এলাকায় টমটম চলাচল নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়। অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলায় বাজারের দোকানগুলোতে ফায়ার এক্সটিংগুইশার রাখা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। এ লক্ষ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট, ফায়ার সার্ভিস, পুলিশ প্রশাসন ও আনসার সদস্যদের সমন্বয়ে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনার কথা জানানো হয়।
এ ছাড়া মাদক নির্মূলে অভিযান অব্যাহত রাখা, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ ইটভাটা বন্ধে করণীয় ও বিকল্প ব্যবস্থা, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান চিহ্নিতকরণ এবং পলিথিনের ব্যবহার রোধে অভিযান পরিচালনার বিষয়গুলো সভায় আলোচিত হয়। সভায় আসন্ন দুর্গাপূজা ও কঠিন চীবর দান অনুষ্ঠানকে কেন্দ্র করে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় জেলা পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন, সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধান ও প্রতিনিধিরা, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।





















