দিনাজপুরের বিরামপুর উপজেলার গোবিন্দপুর সীমান্ত দিয়ে ২৮ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফের) বিরুদ্ধে। তবে বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধের মুখে তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। রোববার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার কাটলা ইউনিয়নের দাউদপুর বিওপির আওতাধীন গোবিন্দপুর সীমান্তের ২৮৯/৪৬ এস পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
দাউদপুর বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মাহাবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাতে তিনি জানান, রাতের দিকে বিএসএফের সদস্যরা কাঁটাতারের বেড়া পার করে কয়েকজন ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেন। তাদের মধ্যে চারজন নারী ও ২৪ জন পুরুষ ছিলেন। বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে পড়লে তারা ঘটনাস্থলে গিয়ে তাদের ধাওয়া করেন।
একই সঙ্গে বিজিবি সদস্যরাও পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসেন। পরে বাধার মুখে ওই ব্যক্তিদের নিয়ে বিএসএফ সদস্যরা সীমান্তের ওপারে ফিরে যান। ঘটনার পর গোবিন্দপুর সীমান্ত এলাকায় নিরাপত্তা ও সতর্কতা বাড়ানো হয়েছে। রাতেই স্থানীয় বাসিন্দাদের অনেককে লাঠি হাতে গ্রামের বিভিন্ন মোড়ে অবস্থান করতে দেখা যায়। নারীরাও পুরুষদের সঙ্গে সীমান্ত এলাকায় পাহারায় অংশ নেন।
পাশাপাশি বিজিবি সদস্যদেরও বিভিন্ন পয়েন্টে মোতায়েন থাকতে দেখা গেছে। ক্যাম্প কমান্ডার মাহাবুর রহমান বলেন, পুশ-ইনের চেষ্টা বিজিবি প্রতিহত করেছে। এ সময় স্থানীয় গ্রামবাসীরা সহযোগিতা করেছেন। বিজিবির পাশাপাশি নিজেদের উদ্যোগেও স্থানীয়রা এলাকায় নজরদারি করছেন। সীমান্ত পরিস্থিতি বিবেচনায় বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।


















