নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়কের দুই পাশের আগাছা ও গাছপালা পরিষ্কার এবং ভাঙা ও গর্তযুক্ত স্থান সংস্কার করে জনসাধারণের চলাচল সহজ করেছেন আনসার ও ভিডিপি সদস্যরা। রোববার (৬ সেপ্টেম্বর) রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের একটি সরু সড়কে এ উদ্যোগ নেওয়া হয়।
দীর্ঘদিন ধরে সড়কের দুই পাশে আগাছা ও গাছপালা বেড়ে যাওয়ায় সড়কটির প্রশস্ততা কমে গিয়েছিল। ফলে পাশাপাশি দুটি যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল। এ ছাড়া সড়কের বিভিন্ন স্থানে ভাঙন ও বড় বড় গর্ত থাকায় ট্রাক ও বাস চলাচলের সময় প্রায়ই যানজটের সৃষ্টি হতো। এতে দুর্ভোগে পড়ছিলেন স্থানীয় বাসিন্দারা। জনদুর্ভোগ লাঘবে কায়েতপাড়া ইউনিয়ন দলনেতা মো. রাকিব কয়েকজন ভিডিপি সদস্যকে সঙ্গে নিয়ে স্বতঃস্ফূর্তভাবে সড়কের দুই পাশের আগাছা ও গাছপালা পরিষ্কার করেন।
পাশাপাশি অন্য স্থান থেকে ইটের খোয়া ও রাবিশ সংগ্রহ করে সড়কের ভাঙা ও গর্তযুক্ত স্থানগুলো সংস্কার করা হয়। এতে সড়কটি কিছুটা প্রশস্ত হওয়ার পাশাপাশি যানবাহন চলাচলের উপযোগী হয়ে ওঠে। আনসার-ভিডিপি সদস্যদের এ উদ্যোগের ফলে সড়কে যান চলাচলে সৃষ্ট প্রতিবন্ধকতা ও যানজট অনেকাংশে কমে আসে। একই সঙ্গে স্থানীয় জনগণের স্বাভাবিক চলাচলও সহজ হয়।
জনদুর্ভোগ লাঘবে আনসার ও ভিডিপি সদস্যদের এমন মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয় এলাকাবাসী। সারাদেশে জননিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সাধারণ মানুষের পাশে থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।


















