ঝিনাইদহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সামারি ট্রায়ালের মাধ্যমে ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে অর্থদণ্ড ও দেওয়া হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. এনামুল হক এ রায় দেন।
আদালতের নথি অনুযায়ী, ঝিনাইদহ সি.আর-৬১/২৬ নম্বর মামলায় মো. জামিরুল ইসলামকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) স্মারনী ১৬ ধারায় ১বছরের সশ্রম কারাদণ্ড ও একই মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ এর ৫ ধারা অনুযায়ী মো. তৈমুর খান এবং মো. তানভীর হাসানকে ৫ মাস করে সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। দণ্ডপ্রাপ্ত আসামি মো. জামিরুল ইসলাম শৈলকুপা উপজেলার বগুড়া ইউনিয়নের বড়বাড়ি বগুড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে, মো. তৈমুর খান একই ইউনিয়নের কামান্না গ্রামের মৃত. কুতুব খানের ছেলে এবং মো. তানভীর একই ইউনিয়নের কামান্না গ্রামের মৃত. খায়রুল আলমের ছেলে। আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে, ৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখের রায়ে এসব সাজা দেওয়া হয়।
সাজা পরোয়ানা অনুযায়ী দণ্ডপ্রাপ্তদের ঝিনাইদহ জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।


















