কুড়িগ্রামে আজও সার না পেয়ে গুদামে হট্টগোল, ভাঙচুর, ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। রোববার (৬ সেপ্টেম্বর) নাগেশ্বরী উপজেলার কচাকাটা বাজারে সার ডিলার কাশেম ট্রেডার্স পয়েন্টে সকাল ৮টা থেকে মানুষজন সারের জন্য জড়ো হয়। এ সময় ডিলার পয়েন্টের লোকজন না আসায় ৯টার দিকে উপস্থিত জনতা সার না পেয়ে হট্টগোল শুরু করে। এ সময় দোকানটির টিনের বেড়া ভাঙচুর করা হয়।
পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। স্থানীয় কৃষকরা জানায়, গুদামে সার থাকার পরও ডিলারের লোকজন আসেননি। দেড় থেকে দুইশ লোক উপস্থিত ছিল। তারা হইচই করে ও ধাক্কাধাক্কি করে। কেউ কেউ দোকান ঘরের বেড়ার টিন ভাঙচুর করে। তবে কেউ সার নিয়ে যায়নি। কচাকাটা থানার ওসি অর্পণ কুমার জানান, দোকান ঘরে ভাঙচুর হয়নি। তবে দেড়-দুইশ মানুষ ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি করে।
এতে বেড়ার টিন ভেঙে যায়। পরিস্থিতি স্বাভাবিক আছে। উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন জানান, লোকজন অস্থির হয়ে গেছে। সবাই একসঙ্গে সার চায়। এটা তো সম্ভব নয়। পরে ওসির উপস্থিতিতে সার বিতরণ করা হয়েছে। এছাড়াও ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের মিলনিবাজারে সার না পেয়ে সড়ক অবরোধ করে লোকজন। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক ঘটনাস্থলে উপস্থিত হন।
সহকারী কমিশনার (ভূমি) জানান, ওখানে চারশ বস্তা সার বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু মানুষ উপস্থিত ছিল অনেক। তাতে ডিলার ভয় পেয়ে যায়। পরে আমি ও কচাকাটা থানার ওসিসহ উপস্থিত থেকে সার বিতরণ করা হয়। চাহিদা অনুযায়ী আরও ২০ টন সার বরাদ্দ দেয়া হয়েছে। কাল পরশু বিতরণ করা হবে।


















