মিস ওয়ার্ল্ড ২০২৬-এর মুকুট জিতেছেন ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা দোমিঙ্গেস। শিক্ষকতা, মডেলিং ও সমাজসেবার সঙ্গে যুক্ত এই তরুণী এবার বিশ্বসুন্দরীর মুকুটও অর্জন করলেন। বিবিসির প্রতিবেদনের তথ্য অনুযায়ী, শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভিয়েতনামের নিয়া ট্রাং শহরে অনুষ্ঠিত মিস ওয়ার্ল্ডের চূড়ান্ত পর্বে ১১১ জন প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ী হন জোহেইরি মোলা।
প্রথা অনুযায়ী, বিজয়ী জোহেইরির মাথায় ৭৩তম মিস ওয়ার্ল্ডের মুকুট পরিয়ে দেন ২০২৫ সালের মিস ওয়ার্ল্ড, থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংস্রি। এবারের প্রতিযোগিতায় প্রথম রানারআপ নির্বাচিত হয়েছেন স্পেনের এলিসাবেথ রেইনেস আলাবের্ন। দ্বিতীয় রানারআপ হয়েছেন মালয়েশিয়ার তানুসিয়া চেট্টি। চূড়ান্ত পর্বের শীর্ষ ছয়ে জায়গা করে নেয় ইরিত্রিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, ডোমিনিকান রিপাবলিক, স্পেন ও দক্ষিণ আফ্রিকা।
অন্যদিকে নাইজেরিয়ার প্রতিযোগী তামুনোসোয়ে কারিবি-জর্জ ‘পিপলস চয়েস অ্যাওয়ার্ড’ জিতে শীর্ষ ১২-তে জায়গা করে নেন। শিক্ষক ও সমাজকর্মী জোহেইরি জোহেইরি মোলা দোমিঙ্গেস শুধু মডেলিংয়ের সঙ্গেই যুক্ত নন, শিক্ষক হিসেবেও কাজ করছেন। তিনি বিজনেস ম্যানেজমেন্ট ও অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। পাশাপাশি সাহিত্য ও সমাজবিজ্ঞানের শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় জোহেইরি। ‘ভয়েসেস অব টুমোরো’ নামে একটি অলাভজনক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সভাপতি তিনি। প্রতিষ্ঠানটি আর্থিকভাবে পিছিয়ে থাকা শিশুদের ইংরেজি ভাষা শেখানো এবং তাদের মানসিক বিকাশ ও উন্নয়নে কাজ করে। এবার বিশ্বমঞ্চে নতুন দায়িত্ব মিস ওয়ার্ল্ডের মুকুট জয়ের পর জোহেইরি মোলা দোমিঙ্গেস বিশ্বমঞ্চে মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন।
পাশাপাশি আন্তর্জাতিক ‘বিউটি উইথ আ পারপাস’ প্রচারণার অন্যতম মুখ হিসেবেও কাজ করবেন তিনি। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৭৪তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার আয়োজন করবে তানজানিয়া।


















