ঢালিউডের ক্ষণজন্মা অভিনেতা সালমান শাহ সংক্ষিপ্ত ক্যারিয়ারে একের পর এক জনপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়ে দর্শকের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেন। তার অভিনয়জীবনে বিপরীতে কাজ করেছেন বেশ কয়েকজন নায়িকা।
তাদের মধ্যে কেউ এখনো শোবিজে আছেন, কেউ সংসার নিয়ে ব্যস্ত, আবার কেউ পাড়ি জমিয়েছেন বিদেশে। আর একজন অকালে হারিয়েছেন প্রাণ। সালমান শাহর সেই ১১ নায়িকা এখন কে কোথায় আছেন? মৌসুমী: সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় সালমান শাহর। এতে তার নায়িকা ছিলেন মৌসুমী। সিনেমাটি মুক্তির পর রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন দুজনই।
বর্তমানে মৌসুমী যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। শাবনূর: সালমান শাহ ও শাবনূরকে নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় রোমান্টিক জুটি হিসেবে বিবেচনা করা হয়। একসঙ্গে বেশ কয়েকটি ব্যবসাসফল সিনেমায় অভিনয় করেছেন তারা। বর্তমানে শাবনূর অস্ট্রেলিয়ায় ছেলে আইজান নেহান ও পরিবারের সদস্যদের সঙ্গে বসবাস করছেন। দীর্ঘদিন ধরে নতুন কোনো সিনেমায় তাকে দেখা যায়নি।
শাবনাজ: অভিনয়জীবনে সালমান শাহর সঙ্গে ‘আঞ্জুমান’, ‘আশা ভালোবাসা’ ও ‘মায়ের অধিকার’ সিনেমায় অভিনয় করেছেন শাবনাজ। পরবর্তীতে চলচ্চিত্র থেকে নিজেকে গুটিয়ে নেন তিনি। জনপ্রিয় অভিনেতা নাঈমকে বিয়ে করে সংসারী হয়েছেন এই অভিনেত্রী। বর্তমানে দেশেই আছেন। শাহনাজ: সালমান শাহ অভিনীত জনপ্রিয় সিনেমা ‘সত্যের মৃত্যু নেই’-এ তার বিপরীতে অভিনয় করেছিলেন শাহনাজ।
সিনেমায় তার অভিনয়ও দর্শকের প্রশংসা পায়। তবে দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে চলচ্চিত্র অঙ্গনের আড়ালে রয়েছেন এই অভিনেত্রী। শিল্পী: ‘প্রিয়জন’ সিনেমায় সালমান শাহর বিপরীতে অভিনয় করেন শিল্পী। ২০০০ সালে চলচ্চিত্র থেকে সরে দাঁড়ান তিনি। পরবর্তী সময়ে ২০১৩ সাল পর্যন্ত অনিয়মিতভাবে নাটকে কাজ করেছেন। বর্তমানে অভিনয় থেকে দূরে থেকে ঘর-সংসার নিয়েই ব্যস্ত আছেন।
লিমা: সালমান শাহর সঙ্গে ‘প্রেমযুদ্ধ’ ও ‘কন্যাদান’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন লিমা। নব্বইয়ের দশকের শেষদিকে চলচ্চিত্র থেকে সরে যান তিনি। দীর্ঘদিন পার্লার ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা যায়। বর্তমানে চলচ্চিত্র অঙ্গনের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই এবং দীর্ঘদিন ধরেই আড়ালে রয়েছেন। কাঞ্চি: সালমান শাহর ক্যারিয়ারের অন্যতম আলোচিত সিনেমা ‘আনন্দ অশ্রু’।
এ সিনেমায় শাবনূরের পাশাপাশি নায়িকা হিসেবে অভিনয় করেন কাঞ্চি। চলচ্চিত্রে বেশ কিছুদিন কাজ করলেও পরবর্তীতে শোবিজ থেকে দূরে সরে যান তিনি। বর্তমানে বিদেশে বসবাস করছেন বলে জানা যায়। বৃষ্টি: ‘এই ঘর এই সংসার’ সিনেমায় সালমান শাহর বিপরীতে অভিনয় করেন বৃষ্টি। সিনেমাটিতে তার অভিনয় দর্শকের নজর কাড়ে। পরবর্তীতে তিনিও চলচ্চিত্র থেকে দূরে সরে যান।
বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন বলে জানা যায়। সোনিয়া: ‘স্বপ্নের ঠিকানা’ সিনেমায় সালমান শাহর সঙ্গে অভিনয় করেন সোনিয়া। প্রায় দুই দশক ধরে অভিনয়ের বাইরে রয়েছেন তিনি। বর্তমানে এই নায়িকা যুক্তরাজ্যের লন্ডনে বসবাস করছেন। সাবরিনা: ‘আশা ভালোবাসা’ সিনেমায় সালমান শাহর নায়িকা ছিলেন সাবরিনা। চলচ্চিত্রে খুব বেশি সময় সক্রিয় না থাকলেও সালমানের সঙ্গে অভিনয়ের সুবাদে দর্শকের কাছে পরিচিতি পান তিনি।
বর্তমানে নারায়ণগঞ্জে সংসার করছেন বলে জানা যায়। শ্যামা: সালমান শাহর সঙ্গে ‘শুধু তুমি’ সিনেমায় অভিনয় করেন শ্যামা। সম্ভাবনাময় এই অভিনেত্রীর চলচ্চিত্রজীবন খুব বেশি দীর্ঘ হয়নি। নব্বইয়ের দশকের শেষদিকে এক সড়ক দুর্ঘটনায় অকালমৃত্যু হয় তার। ফলে খুব অল্প বয়সেই থেমে যায় তার জীবন ও সম্ভাবনাময় অভিনয়যাত্রা। সালমান শাহ আজ নেই, কিন্তু তার অভিনীত সিনেমা ও সেই সময়ের নায়িকাদের সঙ্গে গড়ে ওঠা জুটিগুলো এখনো দর্শকের স্মৃতিতে অমলিন।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে এই নায়ককে হারালেও তার জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি।


















