জুনিয়র এশিয়া কাপ হকিতে ছেলেদের দল ব্যর্থ হলেও সাফল্যের ধারায় রয়েছে বাংলাদেশের মেয়েরা। চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে রোববার (৬ সেপ্টেম্বর) পাকিস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। নবম মিনিটে ফিল্ড গোল করে দলকে এগিয়ে দেন নূপুর। দ্বিতীয় কোয়ার্টারে ব্যবধান দ্বিগুণ করেন নাদিরা এমা। দুই গোল হজমের পর রক্ষণভাগ শক্ত করে পাকিস্তান। তবে তাতে বাংলাদেশের আক্রমণের ধার কমেনি। ৩৩ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে বাংলাদেশের ব্যবধান ৩-০ করেন সারিকা রিমন।
৪১ মিনিটে পাকিস্তানের হয়ে একটি গোল শোধ করেন সারিকা। তবে গোল হজম করেও ছন্দ হারায়নি বাংলাদেশ। বরং দ্রুতই আবার ব্যবধান বাড়ায় তারা। ৪৩ মিনিটে কণা আক্তারের গোলে স্কোরলাইন হয় ৪-১। ম্যাচের শেষদিকে আরও একবার পাকিস্তানের জালে বল পাঠায় বাংলাদেশ। ৫৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলের পঞ্চম গোলটি করেন আইরিন আক্তার। শেষ পর্যন্ত ৫-১ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।
এবার দ্বিতীয়বারের মতো জুনিয়র এশিয়া কাপে খেলছে বাংলাদেশ। ২০২৪ সালের আসরে নবম হয়েছিল দলটি। মেয়েদের জুনিয়র এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত। দশ দলের এবারের টুর্নামেন্টে চ্যালেঞ্জার পুলে বাংলাদেশের সঙ্গে রয়েছে কাজাখস্তান, পাকিস্তান, চাইনিজ তাইপে ও হংকং। অন্যদিকে এলিট পুলে স্বাগতিক চীনের সঙ্গে আছে জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া।
চ্যালেঞ্জার পুলের শীর্ষ তিন দল ও এলিট পুলের পাঁচ দল কোয়ার্টার ফাইনালে খেলবে। আর চ্যালেঞ্জার পুলের চতুর্থ ও পঞ্চম দল মুখোমুখি হবে নবম-দশম স্থান নির্ধারণী ম্যাচে।


















