প্রশান্ত মহাসাগরে চীনের ক্ষেপণাস্ত্র পরীক্ষায় উদ্বেগ জানিয়েছেন ওই অঞ্চলে অবস্থিত দ্বীপপুঞ্জের নেতারা। নাউরু আনুষ্ঠানিকভাবে এ উদ্বেগের সঙ্গে ভিন্নমত পোষণ করেছে বলে রয়টার্সের খবরে বলা হয়েছে।
তবে তাইওয়ানের অংশগ্রহণ নিয়ে বেইজিংয়ের আপত্তির বিষয়টি চীনের ক্ষেপণাস্ত্র পরীক্ষার আলোচনাকে ছাপিয়ে যায়। সোমবার শুরু হওয়া চার দিনের এ সম্মেলনের আয়োজক ছিল পালাউ। বৃহস্পতিবার সম্মেলনের শেষ দিনের ব্রিফিংয়ে দেশটির প্রেসিডেন্ট সুরাঙ্গেল হুইপস জুনিয়র বলেন, জুলাইয়ে চীনের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা ছিল চার বছরের মধ্যে প্রথম।
ক্ষেপণাস্ত্রটি কোনো সতর্কবার্তা ছাড়াই কয়েকটি দ্বীপরাষ্ট্রের ওপর দিয়ে উড়ে গেছে। তিনি বলেন, ‘সম্মেলনে দ্বীপপুঞ্জের নেতারা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো সব রাষ্ট্রকে স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। তারা বলেছেন, আন্তর্জাতিক রীতি মেনে পরীক্ষা চালানোর অন্তত ২৪ ঘণ্টা আগে যেন বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়। ’ তবে নাউরু এ বিষয়ে ভিন্নমত দিয়েছে বলে ব্রিফিংয়ে তুলে ধরেন হুইপস।
কখনো চীন, কখনো তাইপের সঙ্গে কূটনৈতিক ঘনিষ্ঠতার নজির রয়েছে নাউরুর। সবশেষ ২০২৪ সালে দেশটি চীনের সঙ্গে নতুন করে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। হুইপসের বিবৃতির প্রতিক্রিয়ায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দেশটি শান্তিপূর্ণ অগ্রযাত্রায় প্রতিশ্রুতিবদ্ধ এবং তারা প্রতিরক্ষামূলক সামরিক নীতি মেনে চলে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন সংবাদ সম্মেলনে বলেছেন, ‘এ অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন ও সমৃদ্ধি রক্ষায় অবদান রাখতে চীন দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর সঙ্গে কাজ করতে আগ্রহী।
’ সম্মেলনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে অংশগ্রহণ করেন দেশটির জ্বালানিমন্ত্রী ক্রিস বোয়েন। নাউরুর ভিন্নমতের বিষয়ে শুক্রবার এবিসি রেডিওকে তিনি বলেন, ‘প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর বিপুল সংখ্যাগরিষ্ঠের পক্ষে খুব জোরালো মতপ্রকাশের জন্য সবার একমত হওয়া প্রয়োজন নেই। ’ তাইওয়ানের সঙ্গে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের যে তিনটি দ্বীপরাষ্ট্র আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক রাখে, পালাউ তার একটি।
তারাই মূলত ১৮ সদস্যের এই জোটকে ক্ষেপণাস্ত্র পরীক্ষার আনুষ্ঠানিক নিন্দা জানানোর জন্য চাপ দিয়েছিল। বৃহস্পতিবার বেইজিং এর বিরোধিতা করে। ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে পালাউ ‘অতিরঞ্জিত প্রচার’ চালাচ্ছে বলে অভিযোগ তাদের। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর ওপর প্রভাব বিস্তারে পালাউয়ের প্রচেষ্টা ‘সফল হবে না’ বলেও সতর্ক করে বেইজিং।


















