‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ’—তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এই মন্তব্যের পর আলোচনায় আসা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্মকর্তা মো. মাসুদ আলমকে চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হয়েছে।
গত ৩১ আগস্ট বিআরটিএ চেয়ারম্যানের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ বদলি ও পদায়নের তথ্য জানানো হয়। আদেশ অনুযায়ী, বিআরটিএর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলমকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) পদে পদায়ন করা হয়েছে। সিদ্ধান্তটি জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
একই আদেশে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শফিকুজ্জামান ভূঞাকে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের একই পদে বদলি করা হয়েছে। ফলে চট্টগ্রামে মাসুদ আলমের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। এ ছাড়া খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. জিয়াউর রহমানকে বিআরটিএ সদর কার্যালয়ের পরিচালক (রোড সেফটি) পদে বদলি করা হয়েছে। পাশাপাশি তাকে বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) পদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
যেভাবে আলোচনায় এসেছিলেন মাসুদ ২০১৭ সালে বিআরটিএর মিরপুর কার্যালয় পরিদর্শনের সময় সেবাগ্রহীতাদের বিভিন্ন অভিযোগের প্রেক্ষাপটে তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কর্মকর্তা মাসুদ আলমকে উদ্দেশ করে ‘ভালো হয়ে যাও মাসুদ’ মন্তব্য করেন। ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাতারাতি আলোচনায় আসেন মাসুদ আলম।
পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ‘ভাইরাল মাসুদ’ নামেও অনেকে উল্লেখ করতে থাকেন। এরপর বিভিন্ন সময়ে বিআরটিএর বিভিন্ন দায়িত্বে ছিলেন মাসুদ আলম। ২০২৪ সালের মার্চে তিনি চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) হিসেবে দায়িত্ব নেন। এবার সেখান থেকে তাকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের একই পদে বদলি করা হলো।


















