মহান মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে বিজিবির যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) উদ্যোগে যশোরের শার্শা উপজেলার কাশিপুরে বীরশ্রেষ্ঠের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় বিজিবির একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানায়। শ্রদ্ধা নিবেদনের পর বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের আত্মার মাগফিরাত কামনায় পবিত্র ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়। অনুষ্ঠানে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের অসামান্য বীরত্ব ও আত্মত্যাগ জাতির জন্য চিরস্মরণীয়। তার বীরত্বগাথা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই প্রতি বছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় শাহাদাতবার্ষিকী পালন করা হয়েছে। তিনি আরও বলেন, নূর মোহাম্মদ শেখের দেশপ্রেম, সাহসিকতা ও আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। এ সময় যশোর ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর নূর উদ্দিন আহমাদ, সহকারী পরিচালক মো. মাছেদুল ইসলাম খাঁন, বীরশ্রেষ্ঠের পরিবারের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



















