ফ্রান্সের প্যারিসে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো বলিউডের নব্বইয়ের দশকের জনপ্রিয় গানের বিশেষ কনসার্ট ‘Unforgettable 90’s’। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় আরেনা গ্রান্ড প্যারিসে অনুষ্ঠিত এ আয়োজনে মঞ্চ মাতান জনপ্রিয় সংগীতশিল্পী কুমার শানু ও অনুরাধা পৌডওয়াল।
নব্বইয়ের দশকের অসংখ্য জনপ্রিয় হিন্দি-বাংলা গানের শিল্পী কুমার শানু ও অনুরাধা পৌডওয়ালের গান শুনতে প্যারিস ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক দর্শক সমবেত হন। বিশেষ করে ফ্রান্সে বসবাসরত দক্ষিণ এশীয় প্রবাসীদের মধ্যে অনুষ্ঠানটি ব্যাপক সাড়া ফেলে। প্রবাসী বাঙালিরাও উল্লেখযোগ্য সংখ্যায় কনসার্টে অংশ নেন। ‘মেলোডি কিং’ হিসেবে পরিচিত কুমার শানু এবং ‘মেলোডি কুইন’ অনুরাধা পৌডওয়াল নব্বইয়ের দশকের বলিউড সংগীতের অন্যতম জনপ্রিয় দুই কণ্ঠ।
তাদের বহুল শ্রুত ও জনপ্রিয় গানগুলো দর্শকদের ফিরিয়ে নেয় সেই নস্টালজিক সময়ে। লাইভ ব্যান্ডের পরিবেশনায় একের পর এক জনপ্রিয় গান পরিবেশিত হলে পুরো ভেন্যুতে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। প্রবাসী বাঙালিদের জন্যও অনুষ্ঠানটি ছিল বিশেষ আকর্ষণের। প্যারিসের বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বন্ধু ও পরিবারের সদস্যদের নিয়ে কনসার্টে অংশ নেন।
দীর্ঘদিন পর সরাসরি মঞ্চে প্রিয় শিল্পীদের গান শোনার সুযোগ পেয়ে অনেকেই স্মৃতিচারণ করেন নব্বইয়ের দশকের সেই গান-নির্ভর সময়ের। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, নব্বইয়ের দশকের বলিউডের সোনালি সময়ের সংগীতকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার পাশাপাশি বিভিন্ন দেশের প্রবাসীদের সাংস্কৃতিকভাবে একত্রিত করাই ছিল এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। প্যারিসের কনসার্টের পর একই ‘Unforgettable 90’s’ আয়োজন নিয়ে ৬ সেপ্টেম্বর আমস্টারডামেও মঞ্চে ওঠার কথা কুমার শানু ও অনুরাধা পৌডওয়ালের।
নব্বইয়ের দশকের প্রেম, বিরহ ও আবেগঘন গানকে কেন্দ্র করে আয়োজিত এই সন্ধ্যা তাই শুধু একটি সংগীতানুষ্ঠানেই সীমাবদ্ধ থাকেনি; প্রবাসী দর্শকদের জন্য এটি হয়ে ওঠে পুরোনো দিনের স্মৃতি ও আবেগ ফিরে পাওয়ার এক বিশেষ উপলক্ষ।


















