নবীন শিক্ষার্থীদের আন্তরিকতা, শৃঙ্খলা ও মনোযোগের সঙ্গে পড়াশোনা করে দক্ষ ও মানবিক স্বাস্থ্যকর্মী হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি। রাজশাহীতে আইএইচটি ছাত্রদলের নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, শিক্ষাজীবনে অর্জিত জ্ঞান ও দক্ষতা ভবিষ্যতে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজশাহীর আইএইচটি অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আইএইচটির উদ্যোগে আয়োজিত নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি। উদ্বোধক ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন।
প্রধান বক্তা ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। একই সঙ্গে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। বক্তারা বলেন, স্বাস্থ্যসেবা একটি মানবিক পেশা। এ পেশায় যুক্ত হতে হলে শিক্ষার্থীদের একদিকে যেমন দক্ষতা অর্জন করতে হবে, অন্যদিকে মানুষের প্রতি দায়িত্ববোধ ও সহমর্মিতাও গড়ে তুলতে হবে।
তারা নবীনদের নিয়মিত পড়াশোনা ও নিজেদের যোগ্যতা বৃদ্ধির প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। কৃতি শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করে বক্তারা বলেন, তাদের অর্জন অন্য শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে। ভবিষ্যতে নিজেদের মেধা ও দক্ষতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগানোর জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডা. মো. মোফাখখারুল ইসলাম, আইএইচটি রাজশাহীর অধ্যক্ষ ডা. মো. মির্জা ওয়াসি পারভেজ, ড্যাব রাজশাহী জেলার সাধারণ সম্পাদক ডা. মো. মনোয়ার তারিক সাবু, মহানগর ছাত্রদলের আহ্বায়ক মো. রাকিন রায়হান রবিন, সদস্য সচিব মো. এমদাদুল হক লিমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. খালিদ বিন ওয়ালিদ আবির, এম-ট্যাব কেন্দ্রীয় সংসদের মহাসচিব মো. বিপ্লবুজ্জামান বিপ্লব এবং এম-ট্যাব কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম মহাসচিব ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসাধারণ সম্পাদক মো. দবির উদ্দীন তুষার।
এ ছাড়া অনুষ্ঠানে আইএইচটি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি এবং এম-ট্যাব কেন্দ্রীয় সংসদের যুগ্ম মহাসচিব অসীম কুমার ঘোষ, ছাত্রদল রাজশাহী মহানগরের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ তপন, মো. সাফায়েত হোসেন মান্নাত ও সাব্বির হোসেন অন্তর, এম-ট্যাব আঞ্চলিক জেলা কমিটি রাজশাহীর সভাপতি মো. জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা ও সাংগঠনিক সম্পাদক মো. মিনহাজুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রাজশাহী মহানগর যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন থানা বিএনপির নেতাকর্মী, আইএইচটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

















