নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা বিএনপির প্রধান কার্যালয় দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় বর্তমানে পরিত্যক্ত ভবনে পরিণত হয়েছে। উপজেলার নয়াপুর বাজারে অবস্থিত দলটির এই কার্যালয়ে দীর্ঘদিন ধরে কোনো রাজনৈতিক বা সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হচ্ছে না।
সরেজমিনে দেখা যায়, একসময় দলীয় নেতাকর্মীদের পদচারণায় মুখর থাকা কার্যালয়টির বর্তমান চিত্র অনেকটাই ভিন্ন। ভবনের দেয়াল, দরজা-জানালায় অযত্নের ছাপ পড়েছে। কার্যালয়ের আশপাশে পড়ে আছে মাটি, ইট, ভাঙা স্থাপনার অংশ ও নির্মাণসামগ্রীর ধ্বংসাবশেষ। দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় ভবনটি অনেকটা পরিত্যক্ত স্থাপনার রূপ নিয়েছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, একসময় এই কার্যালয় থেকেই উপজেলা বিএনপির বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম, নেতাকর্মীদের সভা-সমাবেশ ও রাজনৈতিক কর্মসূচি পরিচালিত হতো।
তবে সময়ের সঙ্গে কার্যালয়টির কার্যক্রম অনিয়মিত হয়ে পড়ে। একপর্যায়ে ভবনটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় বন্ধ হয়ে যায় দলীয় কার্যক্রম। সাদিপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী সেলিম সরকার বলেন, গত চার বছর ধরে কার্যালয়টি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ১৯৯০ সালের পর উপজেলা বিএনপির উদ্যোগে তৎকালীন সদ্য সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ব্যারিস্টার রাবিয়া ভূইয়ার কাছ থেকে জায়গাটি ক্রয় করা হয়।
পরবর্তীতে সেখানে উপজেলা বিএনপির প্রধান কার্যালয় নির্মাণ করা হয়। তবে নির্মাণের প্রায় এক দশক পর থেকেই কার্যালয়টির কার্যক্রম ধীরে ধীরে অনিয়মিত হয়ে পড়ে। তিনি আরও বলেন ,ব্যক্তিগত উদ্যোগে প্রায় ২০ বছর ধরে আমি এই কার্যালয়টি দেখভাল করেছি। দীর্ঘ সময় ধরে এটি নেতাকর্মীদের সাংগঠনিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছে। কিন্তু সর্বশেষ ভবনটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় বর্তমানে এটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।
সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোশারফ হোসেন বলেন, কার্যালয়টি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। বর্তমানে মদনপুর-জয়দেবপুর সড়কের নির্মাণকাজের সামগ্রী আমাদের কার্যালয় সংলগ্ন সম্মেলন মাঠে রাখা হয়েছে। নির্মাণকাজের সঙ্গে সংশ্লিষ্ট কার্যক্রম শেষ হলে আগামী নভেম্বর-ডিসেম্বরের মধ্যে আমরা কার্যালয়টি সংস্কার করে নতুন রূপে সাজিয়ে সেখানে দলীয় কার্যক্রম পরিচালনা করব।
পাশাপাশি উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় আরও একটি কার্যালয় চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। কিছুদিনের মধ্যেই সেটি চালু করে সেখান থেকেও দলের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা হবে। দলীয় নেতাকর্মীদের প্রত্যাশা, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা নয়াপুর বাজারের এই কার্যালয়টি সংস্কারের মাধ্যমে আবারও সচল হবে। সংস্কারের পর কার্যালয়টি পুনরায় চালু হলে সোনারগাঁয়ে বিএনপির রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।





















