বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৮ সালের পহেলা সেপ্টেম্বর ঢাকার রমনা বটমূলের সবুজ চত্বরে প্রিয় নেতা উপলব্ধি করেছিলেন, বাংলাদেশে একটি দল গঠন করতে হবে।
তখনই তিনি জাতীয়তাবাদী দল গঠন করেন। তিনি বীজ রোপণ করেছেন, সেখান থেকে চারা গজিয়েছে, সেখান থেকে এখন বটবৃক্ষে রূপান্তরিত হয়েছে। দক্ষিণ এশিয়ার একমাত্র সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আজকে জাতীয়তাবাদী দল বিএনপির পতাকাতলে লাখ লাখ মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। বিএনপি জনগণের কল্যাণে, জনগণের মঙ্গলে, জনগণের স্বার্থে কাজ করে যাচ্ছে। তাই এ দেশের জনগণ ৫ বার ভোট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছে এবং দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসে নাই। এ দেশে প্রত্যক্ষ জনগণের ম্যান্ডেট নিয়ে, ভালোবাসা নিয়ে বারবার দেশ পরিচালনার দায়িত্বে আসছে।
তাই কোনো চক্রান্ত-ষড়যন্ত্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সুনাম নষ্ট করা যাবে না। জনগণ ঐক্যবদ্ধ আছে।
এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি রবিউল ইসলাম রবি, খবিরুল ইসলাম বাবুল, এম.এ জলিল, অ্যাডভোকেট আব্দুল বাসেত ভূঞা, হারুন-অর-রশিদ, এ.কে.এম গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূঞা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক আমিনুল হক বাচ্চু, মাজহারুল হক টিটু, দপ্তর সম্পাদক মনিরুল হক জাবেদ, প্রচার সম্পাদক মো. ইলিয়াস আলী ভূঞা, ছাত্রবিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান নাহিদ, কৃষিবিষয়ক সম্পাদক সফিকুল ইসলাম আপেল, অর্থনৈতিকবিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম আজাদ, ক্রীড়াবিষয়ক সম্পাদক আওলাদ হোসেন মোল্লা, গণশিক্ষাবিষয়ক সম্পাদক আব্দুর রউফ ফকির রনি, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সোহেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে কাউরিয়া পাড়া ঈদগাহ থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নরসিংদী স্টেশনে এসে শেষ হয়।




















