মাদারীপুরের কালকিনিতে একটি বাসায় চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চোরাইকৃত স্বর্ণালঙ্কার, বিক্রির ২ লাখ ৪০ হাজার টাকা এবং চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, কালকিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ঝাউতলা এলাকার বাসিন্দা জান্নাতুল হুসনার বাসায় গত ২৫ থেকে ২৮ আগস্টের মধ্যে কোনো একসময় চুরি হয়। দুর্বৃত্তরা ব্যালকনি ও জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে স্বর্ণালঙ্কার ও রুপার নুপুর নিয়ে যায়। ঘটনার পর কালকিনি থানা পুলিশ তথ্যপ্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সুজন সরদারকে (৩৪) শনাক্ত করে।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা পরিষদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজন চুরির ঘটনায় সম্পৃক্ততার কথা স্বীকার করলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ২ লাখ ৪০ হাজার টাকা এবং দুটি রেঞ্জ, একটি হাতুড়ি, একটি প্লাস, একটি সুইজ গিয়ার চাকুসহ চুরি কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে। পরে তার তথ্য অনুযায়ী কালকিনি বাজারের বিসমিল্লাহ জুয়েলার্সে অভিযান চালিয়ে দোকানের মালিক এনামুল হককে (৪৫) গ্রেপ্তার করা হয়।
সেখান থেকে একটি ছেঁড়া স্বর্ণের হার, এক জোড়া কানের দুল, একটি টিকলি, একটি ব্রেসলেট এবং গলিত স্বর্ণের টুকরা উদ্ধার করা হয়। গ্রেপ্তার সুজন সরদার কালকিনির দক্ষিণ কৃষ্ণনগর এলাকার বাসিন্দা। অপর আসামি এনামুল হক পাবনার আমিনপুরের বাসিন্দা হলেও বর্তমানে কালকিনি বাজারে বিসমিল্লাহ জুয়েলার্সের মালিক হিসেবে ব্যবসা করছেন। এ ঘটনায় কালকিনি থানায় দণ্ডবিধির ৪৫৪, ৩৮০ ও ৪১১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তার দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।





















