বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে পাকুন্দিয়া সদর ঈদগাহ মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে ঈদগাহ মাঠে সমবেত হন। পরে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মিছিলটি পাকুন্দিয়া পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ঈদগাহ মাঠে এসে শেষ হয়।
এ সময় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে আশপাশের এলাকা মুখর হয়ে ওঠে। পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এস এম মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. তৌফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো. আতিকুর রহমান মাসুদ, ভিপি মো. কামাল উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলীয় ঐক্য আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।
পাশাপাশি গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।




















