ঝালকাঠির নলছিটিতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মুরগিবাহী পিকআপের ধাক্কায় মো. ইমরান (৪০) নামের এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপের চালকসহ তিনজন আহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) রাত ২টার দিকে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের দপদপিয়া ইউনিয়নের খেজুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুরগিবাহী পিকআপটি রাতে মহাসড়ক দিয়ে যাওয়ার সময় খেজুরতলা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় পিকআপটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে জোরে ধাক্কা খায়। এতে পিকআপের হেলপার ইমরান গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে পিকআপের চালকও রয়েছেন। নিহত ইমরান পটুয়াখালীর দশমিনা উপজেলার বাসিন্দা। তিনি ওই উপজেলার মৃত মমিন উদ্দিনের ছেলে। নলছিটি থানার ওসি তৌহিদুজ্জামান সোহাগ বলেন, হাইওয়ে পুলিশের সহযোগিতায় ঘটনাস্থল থেকে ইমরানের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


















