খাল পরিষ্কার করে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি উপজেলাকে ক্লিন-গ্রিন করতে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে বরিশালের গৌরনদী উপজেলা ও পৌর প্রশাসন। এর ধারাবাহিকতায় গতকাল শনিবার সকালে পৌর প্রশাসনের উদ্যোগে ৬ ও ৭নং ওয়ার্ডকে জলাবদ্ধতা থেকে রক্ষা করতে ৭নং ওয়ার্ড দক্ষিণ বিজয়পুর গোপালঘুরানী এলাকার দুই কিলোমিটার খালের ওপর থেকে অবৈধ বাঁধ অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু করা হয়েছে।
ইউএনও ও পৌর প্রশাসক মো. ইব্রাহীমের নেতৃত্বে এ কর্মসূচি শুরু করা হয়। কর্মসূচিতে স্বেচ্ছাসেবীদের সঙ্গে দা হাতে ইউএনওকে খালের পাশের আগাছা ও আবর্জনা পরিষ্কার করতে দেখা যায়। কর্মসূচিতে উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্যসচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, পৌরসভার নির্বাহী কর্মকর্তা হারুন-অর রশিদসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং সামাজিক সংগঠনের কর্মীরা অংশগ্রহণ করেন। সকাল থেকে শুরু হয়ে পুরো খাল পরিষ্কার না হওয়া পর্যন্ত বিরতিহীনভাবে চলে এ কর্মসূচি।

















