নেপালে পাহাড়ি ঢল ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন চার শতাধিক মানুষ। রয়টার্স জানিয়েছে এ খবর।
নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, নিখোঁজ ৪০৩ জনের মধ্যে ৩৪১ জনই বিদেশি। তাঁদের মধ্যে শতাধিক ভারতীয়সহ, যুক্তরাষ্ট্রের ৪৭ জন এবং যুক্তরাজ্যের ৩৩ জন রয়েছেন। নিখোঁজ রয়েছেন ৬১ জন নেপালিও। এছাড়া তিব্বতের জিরোং এলাকায় অন্তত ৩ জন মারা গেছেন। নিখোঁজ ২৬৫ জন।
হঠাৎ নেমে আসা কাদা, পাথর আর পানির স্রোতে লণ্ডভণ্ড নেপালের ভোতে কোশী নদী তীরের জনপদ। হড়কা বানে ভেসে গেছে বসত বাড়ি, বিধ্বস্ত সড়ক ও সেতু। ক্ষতিগ্রস্ত হয়েছে জলবিদ্যুৎ প্রকল্পসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রসুয়া ও নুয়াকোট জেলার কয়েকটি এলাকা। এরই মধ্যে উদ্ধার করা হয়েছে বেশকিছু মরদেহ। আশঙ্কা করা হচ্ছে ধ্বংসস্তূপ আর কাদার নিচে এখনো আটকে আছে অনেকে।
উদ্ধার অভিযান চালাচ্ছে নেপালের সেনাবাহিনী ও পুলিশ। বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। তবে অনেক সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় নির্ভর করতে হচ্ছে হেলিকপ্টারের ওপর।
বড় উদ্বেগ তৈরি হয়েছে নিখোঁজ পর্যটকদের নিয়ে। তিব্বতের কৈলাস মানস সরোবরগামী রুট এই এলাকা দিয়ে গেছে। কয়েকশ পর্যটকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। নিখোঁজ পর্যটকদের মধ্যে রয়েছে ভারতীয়, মার্কিন, ব্রিটিশ, ডাচ ও অস্ট্রেলিয়ান।
হঠাৎ বন্যায় তিব্বতের জিরোং এলাকাতেও ভেঙে পড়েছে ভবন ও সড়ক। সেখানেও চলছে উদ্ধার অভিযান। এই হঠাৎ বন্যার কারণ এখনও জানা যায়নি। তবে নেপালের কর্মকর্তাদের ধারণা, ভূমিকম্পে বাধ ভেঙে জনপদে নেমে এসেছে পাহাড়ি ঢল।
















