জুলাই অভ্যুত্থানের সময় ফ্যাসিবাদকে প্রতিহত করতে শিক্ষার্থীরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার সকালে জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এ মন্তব্য করেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদকে প্রতিহত করতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল। নজরুলের গান কবিতা আমাদের নির্ভীক হতে শেখায়। নজরুলের চর্চা নতুন করে শুরু হয়েছে। আমাদের প্রতিটি পদক্ষেপে নজরুল অবিচ্ছেদ্য অংশ।
তিনি বলেন, সাহিত্যের এমন কোনো শাখা নেই নজরুল বিচরণ করেননি। সমাজের বৈষম্যের বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন। দ্রোহ সমস্ত কালকে পেরিয়ে যায়। তিনি শুধু সামাজিক অন্যায় নয়, সকল চোখ রাঙানিকে উপেক্ষা করে বিপ্লবের বাণী প্রচার করেছিলেন।
রুহুল কবির রিজভী বলেন, এত বড় প্রতিভা বাংলাভাষীদের মধ্যে আর নেই। যখন আমরা জুলুমের মধ্যে পড়ি তখন আমাদের প্রতিবাদ করতে শিখিয়েছে নজরুলের কবিতা। অন্যায়কে প্রতিহত করে ন্যায় প্রতিষ্ঠায় নজরুলই আমাদের শক্তি।

















