কোর অব মিলিটারি পুলিশ (এমপি) এবং রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম (আরভিএন্ডএফ) কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ পৃথকভাবে সাভারে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সাভারের কোর অব মিলিটারি পুলিশ সেন্টার অ্যান্ড স্কুল (সিএমপিসিএন্ডএস) ও আরভিএন্ডএফ ডিপোতে এসব সম্মেলন অনুষ্ঠিত হয়।
উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। কোর অব মিলিটারি পুলিশের সম্মেলনে সেনাবাহিনী প্রধান উপস্থিত অধিনায়ক ও কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দেন। তিনি কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
এ সময় সেনাবাহিনীর শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় কোর অব মিলিটারি পুলিশের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও দেশমাতৃকার সেবায় এ কোরের অবদানের কথা তুলে ধরেন সেনাবাহিনী প্রধান। পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে কোর অব মিলিটারি পুলিশের ভূমিকার প্রশংসা করে কোরের সদস্যদের অভিনন্দন জানান তিনি। পরে আরভিএন্ডএফ কোরের ৪র্থ বাৎসরিক অধিনায়ক সম্মেলনে সেনাবাহিনী প্রধান উপস্থিত অধিনায়ক ও কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দেন।
তিনি এ কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও দেশের সেবায় এর অবদানের কথা উল্লেখ করেন। সেনাবাহিনীর পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে আরভিএন্ডএফ কোরের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে তিনি প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। একই সঙ্গে কোরের অধীন ফার্মসমূহের উৎপাদন বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সম্মেলনগুলোতে মিলিটারি পুলিশের কর্নেল কমান্ড্যান্ট ও কমান্ড্যান্ট, ন্যাশনাল ডিফেন্স কলেজ; ভারপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল; কর্নেল কমান্ড্যান্ট, আরভিএন্ডএফ কোর; কমান্ড্যান্ট, এছাড়াও ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ; জেনারেল অফিসার কমান্ডিং, ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সাভার এরিয়া; সেনাসদর ও সাভার এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ এবং সংশ্লিষ্ট কোরসমূহের অধিনায়ক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

















