নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া বাজারে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩ হাজার ৫৫০ টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ১০টা ৫ মিনিটে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির এসআই মোল্লা সোহেল মাহমুদের নেতৃত্বে একটি দল ওয়ালিয়া বাজারে অভিযান চালায়।
এ সময় শামীম হোসেনের সবজির দোকানে তল্লাশি চালিয়ে তাকে ও তার সহযোগীকে হাতেনাতে আটক করা হয়। তল্লাশিতে তাদের কাছ থেকে ১০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৩ হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তাররা হলেন—ধুপইল (ফারাজিপাড়া) গ্রামের আবু বক্কারের ছেলে শামীম হোসেন (২৯) এবং একই গ্রামের কামরুজ্জামান ভেলুর ছেলে আতিক হোসেন (২০)। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি-১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) গ্রেপ্তার দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।



















