নেত্রকোনার কলমাকান্দায় সড়কের পাশে রোপণ করা ২০টি গাছের চারা ও সুরক্ষাবেষ্টনী উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার কলমাকান্দা-নেত্রকোনা আঞ্চলিক সড়কের বাবনি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সড়কের সৌন্দর্য বাড়াতে গত ৫ আগস্ট কলমাকান্দা-নেত্রকোনা আঞ্চলিক সড়কের পাশে পাঁচ শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এ কর্মসূচির উদ্যোগ নেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং এতে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বাবনি এলাকায় রোপণ করা প্রায় ২০টি চারা রাতের আঁধারে উপড়ে ফেলে রাখা হয়।
বুধবার সকালে বিষয়টি স্থানীয়দের নজরে এলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। কলমাকান্দা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জহিরুল ইসলাম জহির বলেন, গত ৫ আগস্ট আমরা সড়কের পাশে বৃক্ষরোপণ করেছিলাম। রাতের আঁধারে গাছের চারা ও বেড়া উপড়ে ফেলার ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই। তিনি দাবি করেন, জনস্বার্থমূলক এ উদ্যোগে বাধা দিতেই এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনার আহ্বান জানান।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা জানান, সড়কের পাশে লাগানো এসব গাছ বড় হলে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি সড়কের সৌন্দর্যও বৃদ্ধি পেত।
তারা দ্রুত জড়িতদের শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন।
















