টাঙ্গাইলের নাগরপুরে এক বিধবা নারীকে দলবদ্ধ ধর্ষণের মামলার প্রধান আসামি মো. আলমগীর ফকিরকে (৫০) গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে ঢাকার আশুলিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাব-১৪-এর সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্প ও র‌্যাব-৪-এর সিপিসি-২ নবীনগর ক্যাম্পের যৌথ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে আশুলিয়া থানাধীন বলিভদ্র বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। র‌্যাব জানায়, মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী নারী ও ঘটনায় জড়িত আসামিরা পূর্বপরিচিত।
গত ১ আগস্ট সন্ধ্যায় আলমগীর ফকিরের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে ওই নারী রওনা দেন। পথিমধ্যে একটি নির্জন এলাকায় আগে থেকে অবস্থান নেওয়া আসামিরা তাকে জোরপূর্বক দলবদ্ধ ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে। এ সময় তার স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে নেওয়া হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে নাগরপুর থানায় মামলা করেন।
মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৩) ধারা এবং দণ্ডবিধির ৩৭৯ ধারায় অভিযোগ আনা হয়েছে। র‌্যাব আরও জানায়, মামলা হওয়ার পর আলমগীর ফকির আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। তাকে গ্রেপ্তারে র‌্যাব-১৪ গোয়েন্দা নজরদারি চালিয়ে আসছিল। গ্রেপ্তার আলমগীর ফকিরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মামলায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।



















