প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত হুসেইন মোহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা সিদ্দিককে আদালতে পাঠিয়েছে পুলিশ। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার (২৬ আগস্ট) সকালে গুলশান থানা থেকে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানের এরাবিকা রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গত মে মাসে প্রতারণার মামলায় বিদিশাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছিল আদালত। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে। কারাদণ্ডের পাশাপাশি বিদিশা এরশাদকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়। জরিমানা অনাদায়ে তাঁকে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। মামলার নথি অনুযায়ী, বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রির কথা বলে প্রতারণার অভিযোগে ২০০৮ সালে গুলশান থানায় মামলাটি করেন ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদার।

















