কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযান চালিয়ে বিদেশি রাইফেল, আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় একই সঙ্গে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৫ হাজার পিস ইয়াবাও জব্দ করা হয়।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফ থানার দমদমিয়া ১৪ নম্বর ব্রিজসংলগ্ন পাহাড়ে একটি ডাকাত দল অপহরণ ও ডাকাতির উদ্দেশে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে বুধবার ভোর ৫টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও পুলিশের সমন্বয়ে সেখানে যৌথ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পাহাড়ি এলাকায় পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল (ম্যাগাজিনসহ), দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, তিনটি দেশীয় অস্ত্র, ১৩ রাউন্ড তাজা গুলি এবং এক লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। অন্যদিকে, মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ৮টার দিকে টেকনাফের সাবরাং এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও সাবরাং স্টেশনের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করেন।
এ সময় সন্দেহভাজন একটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। কোস্ট গার্ড জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও জব্দ করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

















