কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদীতে মাছ ধরতে গিয়ে ডুবে পরিমল মণ্ডল (৩৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ আগস্ট) বিকেলে কুমারখালী পৌরসভার বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। মৃত পরিমল মণ্ডল খোকসা উপজেলার মোড়াগাছা ইউনিয়নের হিলালপুর গ্রামের মান্য মণ্ডলের ছেলে।
পুলিশ ও স্থানী সূত্রে জানাগেছে, গড়াই নদীতে পরিমল টিনের তৈরি ডিঙি নৌকায় করে নদীতে মাছ ধরতে যান। এ সময় বড়শি নদীতে ফেলে মাছ ধরছিলেন। একপর্যায়ে তীব্র স্রোতের কারণে তার ডিঙি নৌকাটি উল্টে যায়। এতে বড়শির সুতো তার শরীরে পেঁচিয়ে গেলে তিনি পানিতে ডুবে যান। বিষয়টি স্থানীয়রা দেখতে পেয়ে দ্রুত নদীতে নেমে তাকে উদ্ধার করেন। পরে পরিমলকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন, মাছ ধরার সময় ডিঙি নৌকা উল্টে, শরীরে বড়শির সুতো পেঁচিয়ে নদীতে ডুবে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নৌ-পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।



















