চট্টগ্রাম নগরীতে অনুমোদিত নকশা লঙ্ঘন, পার্কিং স্পেসে বাণিজ্যিক দোকান পরিচালনা এবং অগ্নিঝুঁকির অভিযোগে চারটি বেসরকারি হাসপাতাল, একটি স্কুল ও একটি সুপারমার্কেটের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)।
সোমবার এসব প্রতিষ্ঠান পরিদর্শন শেষে সংশ্লিষ্টদের বিভিন্ন মেয়াদে আল্টিমেটাম দেওয়া হয়। একই সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কয়েকটি প্রতিষ্ঠানকে চউক কার্যালয়ে তলব করা হয়েছে। চউক সূত্রে জানা গেছে, নগরীর পাঁচলাইশ এলাকায় ল্যানসেট হাসপাতাল আবাসিক ভবনে পরিচালিত হচ্ছে। পরিদর্শনে হাসপাতালটির পার্কিং স্পেসে দোকান পরিচালনা এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থায় ঘাটতি পাওয়া যায়।
একই এলাকার ট্রিটমেন্ট হাসপাতালে পার্কিং স্পেসে ঝুঁকিপূর্ণভাবে গ্যাস সিলিন্ডার রাখা এবং পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা না থাকার বিষয়টি পরিদর্শনে উঠে আসে। শেভরন হাসপাতালের বেসমেন্টে পার্কিং ব্যবস্থা থাকলেও নিচতলায় অনুমোদিত নকশা অনুযায়ী নির্ধারিত স্পেস পাওয়া যায়নি। অন্যদিকে বেলভিউ হাসপাতালে নির্ধারিত অ্যাম্বুলেন্স পার্কিংয়ের ব্যবস্থা পাওয়া যায়নি।
এ ছাড়া একই এলাকায় অবস্থিত উৎসব সুপারমার্কেটের অনুমোদিত নকশায় অসংগতি পাওয়া গেছে। পাশের আল হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুলেও কোনো পার্কিং ব্যবস্থা পাওয়া যায়নি। চউক কর্তৃপক্ষ জানিয়েছে, এসব অসংগতি দ্রুত দূর করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অনুমোদিত নকশা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না করলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
নগরীর ভবন ও স্থাপনায় অনুমোদিত নকশা অনুসরণ, পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা এবং অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে চউক।



















