বিএনপির নেতা ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী নিখোঁজের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) সকাল ৯টার পর তাকে ট্রাইব্যুনালে নেওয়া হয়। প্রসিকিউশন সূত্র জানিয়েছে, গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের অংশ হিসেবে সাইফুর রহমানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। পরে রাষ্ট্রপক্ষ তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানোর আবেদন জানাবে। এর আগে গত ৯ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে প্রসিকিউশন। রাষ্ট্রপক্ষের তথ্য অনুযায়ী, ইলিয়াস আলীকে গুমের ঘটনা তদন্ত করতে গিয়ে সাইফুর রহমানের সম্পৃক্ততার বিষয়ে তথ্য পাওয়া গেছে। তবে এ ঘটনায় তদন্ত এখনো শেষ হয়নি। ২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানীর বনানী এলাকা থেকে নিখোঁজ হন তৎকালীন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী। একই রাতে তার সঙ্গে নিখোঁজ হন তার ব্যক্তিগত গাড়িচালক আনসার আলী।
নিখোঁজ হওয়ার পর প্রায় ১৪ বছর পার হলেও ইলিয়াস আলী ও আনসার আলীর কোনো সন্ধান মেলেনি। তাদের নিখোঁজের ঘটনায় বিভিন্ন সময়ে নানা তথ্য, দাবি ও তদন্তের কথা সামনে এলেও তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বর্তমানে ইলিয়াস আলীর নিখোঁজের ঘটনাটি মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্তের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। তদন্তে সাইফুর রহমানের সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
রোববার তাকে ট্রাইব্যুনালে হাজির করার মধ্য দিয়ে মামলাটির কার্যক্রমে নতুন অগ্রগতি হলো।





















