ঝিনাইদহের শৈলকুপায় সরকারি নির্দেশনা অমান্য করে নির্ধারিত গোডাউনের বাইরে অবৈধভাবে সার মজুদ রাখার অপরাধে এক সার ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান।
একই সঙ্গে অবৈধভাবে মজুদ রাখা ৩২০ বস্তা সার জব্দ করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার ১ নম্বর ত্রিবেণী ইউনিয়নের শেখপাড়া বাজারে মেসার্স আব্দুল হাকিম মোল্লা নামের সার ব্যবসাপ্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মেসার্স আব্দুল হাকিম মোল্লার মালিক মো. আব্দুল হাকিম মোল্লা শৈলকুপা উপজেলার ২ নম্বর মির্জাপুর ইউনিয়নের বিএডিসি সার ডিলার।
সরকারি নির্দেশনা অনুযায়ী তাঁর সারের গোডাউন মির্জাপুর ইউনিয়নে থাকার কথা। কিন্তু ওই নির্দেশনা অমান্য করে ত্রিবেণী ইউনিয়নের শেখপাড়া বাজারে অন্য একটি গোডাউনে সার মজুদ করে রাখা হয়। অভিযানে ওই গোডাউন থেকে ২৮২ বস্তা এমওপি ও ৩৮ বস্তা ইউরিয়া সারসহ মোট ৩২০ বস্তা সার জব্দ করা হয়। পরে সার ব্যবস্থাপনা আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবসাপ্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
জব্দ করা সার কৃষকদের মধ্যে ন্যায্যমূল্যে বিক্রি করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান। তিনি আরও বলেন, কৃষকের স্বার্থে অবৈধভাবে সার মজুদকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সরকারি নির্দেশনা অমান্য করে কেউ সার মজুদ করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না। কৃষকদের কাছে সঠিক দামে সার পৌঁছে দিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
















