ঝিনাইদহের শৈলকুপায় কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মজয়ন্তী উপলক্ষে স্মরণ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় শৈলকুপা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কবি সুকান্ত ভট্টাচার্যের জীবন, সাহিত্যকর্ম, মানবিক চেতনা ও বাংলা সাহিত্যে তার অবদান নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিবি ঝিনাইদহ জেলা কমিটির সভাপতি, লেখক ও কলামিস্ট স্বপন বাগচী, কবি ও প্রকাশক সুমন সিকদার, কবি উপায়ন আনাম, সাংবাদিক সুজন বিপ্লব, শিহাব মল্লিক ও জুয়েল হাসানসহ স্থানীয় কবি, সাহিত্যিক, সাংস্কৃতিককর্মী ও সাংবাদিকরা।
আলোচনায় বক্তারা বলেন, সুকান্ত ভট্টাচার্য তার স্বল্পায়ু জীবনে শোষিত-বঞ্চিত মানুষের কথা, মানবমুক্তি, সাম্য ও সমাজ পরিবর্তনের আকাঙ্ক্ষা তার কবিতা ও লেখনীতে তুলে ধরেছেন। তার সাহিত্যকর্ম আজও নতুন প্রজন্মকে মানবিক ও সচেতন হতে অনুপ্রাণিত করে। স্মরণ আলোচনা সভার পাশাপাশি অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। স্থানীয় শিল্পীরা কবিতা আবৃত্তি, গানসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠক, প্রকাশক ও সাংবাদিক আলমগীর অরণ্য। ‘উদ্দীপ্ত শিল্পীগোষ্ঠী’, ‘পথ শিল্পাঙ্গন’ ও ‘খবরের কাগজ ঝিনাইদহ’-এর আয়োজনে এ স্মরণ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের মানুষ অংশ নেন।






















