মন্ত্রিসভায় একটি বড় ধরনের রদবদল হতে যাচ্ছে, যেখানে নতুন করে চারজন সদস্য অন্তর্ভুক্ত হচ্ছেন। এর পাশাপাশি ছয়টি মন্ত্রণালয়ে রদবদল বা পরিবর্তনের বিষয়েও সরকারের উচ্চপর্যায়ে চিন্তাভাবনা চলছে। শুক্রবার (২১ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
মন্ত্রিসভায় নতুন করে যুক্ত হতে যাওয়া চারজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এমপি, জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন। সূত্র জানিয়েছে, নতুন সদস্যদের মধ্যে ড. আবদুল মঈন খানকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে।
সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার আলোচনা রয়েছে। তবে আন্দালিব রহমান পার্থকে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সরকারের কার্যক্রমে আরও গতি আনতে মন্ত্রিসভায় রদবদলের পরিকল্পনা করা হচ্ছে।
এর অংশ হিসেবে বিমান মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পরিবর্তন আসতে পারে। এদিকে, নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথের প্রস্তুতিও নেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
রাষ্ট্রপতির শপথের পরপরই মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠিত হতে পারে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, তাকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। প্রস্তুত থাকতে বলা হয়েছে যেহেতু, তাই নতুন সদস্যদের শপথ রাতে হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য সরকারি যানবাহন অধিদপ্তরের (পরিবহন পুল) পক্ষ থেকেও প্রস্তুতি নেওয়া হয়েছে।
অধিদপ্তরের পরিবহন কমিশনার (অতিরিক্ত সচিব) রাজা মুহম্মদ আব্দুল হাই বলেন, তারা গাড়ি নিয়ে প্রস্তুত আছেন। চূড়ান্ত নির্দেশনা পেলে গাড়ি পাঠানো হবে। তবে এখনো কোনো নির্দেশনা পাওয়া যায়নি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের ব্যবহারের জন্য ছয়টি সরকারি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। সব মিলিয়ে শুক্রবার রাতেই মন্ত্রিসভার নতুন চার সদস্যের শপথ হতে পারে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে।
















