প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় বড় ধরনের রদবদলের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। চারজন নতুন সদস্যকে অন্তর্ভুক্তির পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পুনর্বণ্টন করা হতে পারে বলে মন্ত্রিপরিষদ বিভাগের সূত্র থেকে জানা গেছে।
শুক্রবার (২১ আগস্ট) রাতে বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতির উপস্থিতিতে নতুন চার মন্ত্রিসভা সদস্য শপথ গ্রহণ করবেন। এ উপলক্ষে সকল আনুষ্ঠানিক প্রস্তুতি সম্পন্ন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। শপথ নিতে যাওয়া চার সদস্য হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
নতুন সদস্যদের অন্তর্ভুক্তির পাশাপাশি মন্ত্রিসভায় উল্লেখযোগ্য রদবদলের আভাস মিলেছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুযায়ী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, কৃষি, খাদ্য, বিদ্যুৎ ও জ্বালানি, স্থানীয় সরকার এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নতুন দায়িত্ব বণ্টন বা মন্ত্রী পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানিয়েছেন, বঙ্গভবনের দরবার হলে শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রায় এক হাজার দুইশ’ আমন্ত্রিত অতিথি উপস্থিত থাকবেন। এর আগে শুক্রবার সন্ধ্যায় নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ গ্রহণ করবেন। রাষ্ট্রপতির শপথ শেষে নতুন মন্ত্রিসভা সদস্যদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রাষ্ট্রপতির পদে পরিবর্তনের ধারাবাহিকতায় মন্ত্রিসভার এই পুনর্গঠনকে সরকার ও রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
নতুন দায়িত্ব বণ্টনের মাধ্যমে সরকারের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যেই এ রদবদল আনা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি।
















