বগুড়ার গাবতলী উপজেলার একটি বসতবাড়ির আঙিনায় শখের গাছ নয়, বরং প্রায় ১২ ফুট উঁচু একটি গাঁজা গাছের সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাছটি জব্দ করার পাশাপাশি সিরাজুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার সিরাজুল ইসলাম উপজেলার আকন্দপাড়া (নয়াপাড়া) গ্রামের ফরিদ ফকিরের ছেলে। ডিএনসি সূত্র জানায়, রোববার (২ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার আকন্দপাড়া (নয়াপাড়া) এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক (ডিডি) জিললুর রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সিরাজুল ইসলামের বসতবাড়ির উত্তর পাশের আঙিনা তল্লাশি করে প্রায় ১২ ফুট উঁচু একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। রোববার রাত দেড়টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন ডিএনসির বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাবতলী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক সামসুল আলম। ডিএনসি আরও জানিয়েছে, ঘটনাটির সঙ্গে অন্য কোনো ব্যক্তি জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে বলেও জানিয়েছে সংস্থাটি। স্থানীয়দের মতে, বসতবাড়ির আঙিনায় এত বড় আকারের গাঁজা গাছ উদ্ধার হওয়ার ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ডিএনসি বলছে, মাদক উৎপাদন, সংরক্ষণ ও বিস্তারের বিরুদ্ধে তাদের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
3:02 pm, Monday, 3 August 2026
শিরোনাম :
বসতবাড়িতে গাঁজা চাষের অভিযোগে গ্রেপ্তার
-
MIT ERP
- Update Time : 01:25:37 pm, Monday, 3 August 2026
- 7
Tag :
Popular Post























