সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা শাহবাগে চলমান অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছেন। সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী যোগদান ও পদায়নের সময় এক মাসের বেশি এগিয়ে এনে প্রজ্ঞাপন জারির আশ্বাস পাওয়ার পর কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গতকাল রোববার চলতি আগস্ট মাসের মধ্যেই যোগদান ও পদায়নের দাবিতে সকাল থেকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে কয়েক ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেন দেশের বিভিন্ন জেলা থেকে আসা সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। বেলা পৌনে ১২টার দিকে কোরআন তিলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশন এবং চাকরিপ্রাপ্ত সহকর্মীদের মধ্যে যারা মারা গেছেন তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কর্মসূচি শুরু হয়। এ সময় শাহবাগ থানার সামনে পুলিশের ব্যারিকেড ও একটি জলকামান মোতায়েন করা হয়। এতে শাহবাগ থেকে টিএসসি অভিমুখের ডান পাশের সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। সমাবেশে আসা আন্দোলনকারীদের অনেকের মাথায় লাল কাপড় বাঁধা ছিল। তারা ব্যানার-প্ল্যাকার্ড হাতে দ্রুত যোগদান ও পদায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তাদের দাবি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থী ফল প্রকাশের ১৭৫ দিন পার হলেও এখনো যোগদান করতে পারেননি। নিয়োগের সব ধাপ শেষ হলেও দীর্ঘ অনিশ্চয়তায় থাকতে হচ্ছে বলে তারা অভিযোগ করেন। এমন আন্দোলনের মধ্যেই দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নতুন বিজ্ঞপ্তি জারি করে। বিদ্যালয়-২ শাখার উপসচিব রাজীব কুমার সরকারের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগে নির্ধারিত ২৯ অক্টোবরের পরিবর্তে আগামী ১ অক্টোবর চূড়ান্তভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষক সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন। পরদিন ২ অক্টোবর তাদের পদায়ন করা হবে। যথাসময়ে নিয়োগপত্র পাঠানো হবে এবং পরে পেশাগত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। বিজ্ঞপ্তি প্রকাশের পর আন্দোলনকারীরা জানান, সরকারের এই সিদ্ধান্ত তারা ইতিবাচকভাবে নিয়েছেন। প্রজ্ঞাপন জারি এবং তা ওয়েবসাইটে প্রকাশের পর আন্দোলন প্রত্যাহার করা হবে। এর আগে গত শনিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক জরুরি ভার্চ্যুয়াল সভা শেষে সচিব মো. সাখাওয়াত হোসেন জানিয়েছিলেন, তদন্ত ও প্রক্রিয়াগত দীর্ঘসূত্রতার কারণে নিয়োগে বিলম্ব হয়েছে। সে সময় তিনি বলেছিলেন, আগামী ২৯ অক্টোবর চূড়ান্তভাবে নির্বাচিত সহকারী শিক্ষকদের যোগদান করানো হবে। তবে পরদিন নতুন সিদ্ধান্তে যোগদানের তারিখ এক মাসের বেশি এগিয়ে আনা হয়। প্রসঙ্গত, চলতি বছরের ৯ জানুয়ারি পার্বত্য তিন জেলা ছাড়া দেশের ৬১ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জনকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়। পরে গত ৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশ করা হলেও এতদিন তারা যোগদান করতে পারেননি।
শিরোনাম :
কর্মসূচি প্রত্যাহার প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের
- Update Time : 02:46:15 am, Monday, 3 August 2026
- 47
Tag :
Popular Post
























