প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও তার উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, সরকার জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাইয়ের গণহত্যার বিচার নিশ্চিত করবে। গতকাল রোবাবর রাজধানীর ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশন অডিটোরিয়ামে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স (জেআরএ) আয়োজিত ‘জুলাই বিপ্লববিষয়ক প্রথম সম্মেলন’-এ তিনি এ কথা বলেন। মাহদী আমিন বলেন, ‘আমি আপনাদের আবেগ ও দাবির প্রতি শ্রদ্ধাশীল। আমি কথা দিচ্ছি, বর্তমান সরকার জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করবে।’ ‘জুলাই গণঅভ্যুত্থানের শহিদেরা যে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন, সেই আকাক্সক্ষা বাস্তবায়নই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। তারা এমন একটি সার্বভৌম বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলেন, যেখানে মেধার যথাযথ মূল্যায়ন হবে এবং কোনো ধরনের বৈষম্য থাকবে না। এই আদর্শ বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’ বলেন মাহদী আমিন। তিনি আরও বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে আহত অনেকেই আজও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। কেউ দৃষ্টিশক্তি হারিয়েছেন, কেউ স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছেন। তাদের অনেকেই এখনো চিকিৎসাধীন রয়েছেন। এসব আহত ব্যক্তি এবং শহিদ পরিবারের পাশে থেকে নির্বাচিত সরকার সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।’ উপদেষ্টা বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর জুলাই গণঅভ্যুত্থানের আকাক্সক্ষা, আদর্শ ও মূল্যবোধ ধারণ করে একটি বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে নেতৃত্ব দিচ্ছেন।’ ফ্যাসিবাদী শাসনের প্রভাব অল্প সময়ে সম্পূর্ণ দূর করা সম্ভব নয় মন্তব্য করে তিনি বলেন, ‘তবু শহিদদের আত্মত্যাগ এবং তাদের পরিবারের প্রত্যাশা অনুযায়ী একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’
শিরোনাম :
জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার
- Update Time : 02:41:31 am, Monday, 3 August 2026
- 39
Tag :
Popular Post























