বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাতক্ষীরা জেলা শাখার নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটিতে হাফিজুর রহমান মুকুলকে সভাপতি এবং শফিকুল আলম বাবুকে (কাউন্সিলর) সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন যৌথভাবে ৫ সদস্য বিশিষ্ট এই নতুন কমিটির অনুমোদন প্রদান করেন।
কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে। নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্ত নেতারা হলেন— সিনিয়র সহ-সভাপতি শেখ মনিরুজ্জামান প্রিন্স, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন এবং সাংগঠনিক সম্পাদক মাসুম রানা সবুজ।
কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও সুসংগঠিত করতেই এই নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। এদিকে, সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও শুভেচ্ছা সভার আয়োজন করে জেলা বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বিকেল ৪টায় জেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা শহরের সঙ্গীতা মোড়ে এসে জড়ো হন এবং নবগঠিত কমিটির নেতাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন। এ সময় জেলা বিএনপির সভাপতি রহমতুল্লাহ পলাশ ও সদস্য সচিব আবু জায়েদ ডাবলুসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


















