তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সত্য উদঘাটন ও বস্তুনিষ্ঠতাই সঠিক সাংবাদিকতার মৌলিক মানদণ্ড। তিনি বলেন, জনকল্যাণ সাংবাদিকতার অন্যতম লক্ষ্য হলেও সেই লক্ষ্য অর্জনের পূর্বশর্ত হলো তথ্যের সত্যতা ও বস্তুনিষ্ঠতা নিশ্চিত করা। রোববার (২ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘রাজনীতি, ক্ষমতা ও সাংবাদিকতার আন্তঃসংশ্লেষ: তত্ত্ব, বাস্তবতা ও ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে সেমিনারটির আয়োজন করা হয়। তথ্যমন্ত্রী বলেন, কোনো পূর্বনির্ধারিত লক্ষ্য বা অবস্থান যদি সত্য অনুসন্ধানকে প্রভাবিত করে, তাহলে সাংবাদিকতার নিরপেক্ষতা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়। আধুনিক বিশ্বে তথ্যের সংকট নয়, বরং তথ্যের অতিপ্রবাহ নতুন বাস্তবতা সৃষ্টি করেছে। এই পরিস্থিতিতে অপতথ্য, বিকৃত তথ্য ও পরিকল্পিত বিভ্রান্তি গণতন্ত্র, রাষ্ট্র ও সমাজের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, সাংবাদিকতার প্রধান দায়িত্ব হলো তথ্য যাচাই করে সত্য উদঘাটন করা এবং বস্তুনিষ্ঠতার ভিত্তিতে তা জনগণের সামনে তুলে ধরা। সাংবাদিকতা শুধু তথ্য পরিবেশনের পেশা নয়, বরং রাষ্ট্র ও সমাজে জবাবদিহি প্রতিষ্ঠার অন্যতম প্রধান মাধ্যম। স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম ছাড়া গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। জহির উদ্দিন স্বপন সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, অর্থনৈতিক মর্যাদা এবং স্বাধীনভাবে কাজের পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি অপতথ্য মোকাবিলায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। সেমিনারের প্রশ্নোত্তর পর্বে বাকস্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, মত প্রকাশের স্বাধীনতা একটি জটিল বিষয় এবং প্রত্যেক ব্যক্তি তার নিজস্ব রাজনৈতিক, দার্শনিক ও আদর্শিক অবস্থান থেকে মত প্রকাশ করেন। তবে স্বাধীনতার পাশাপাশি দায়িত্ববোধও সমান গুরুত্বপূর্ণ। গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগের কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ক্ষমতা, স্বাধীনতা এবং দায়িত্ব—এই তিনটি উপাদানকে সমন্বিত করেই আমরা গণমাধ্যম কমিশন গঠন করতে চাই। এটি হবে সকল অংশীজনের মতামতের ভিত্তিতে গঠিত একটি অংশগ্রহণমূলক ও ভারসাম্যপূর্ণ প্রতিষ্ঠান। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণ করে বলেন, এই ক্যাম্পাসে কাটানো দিনগুলো তার জীবনের অন্যতম মূল্যবান সময় এবং বিশ্ববিদ্যালয়ে ফিরে আসা তার জন্য গভীর নস্টালজিয়ার অনুভূতি সৃষ্টি করেছে। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং অধ্যাপক রুবায়েত ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। সেমিনারে মূখ্য আলোচক ছিলেন দৈনিক নিউ এজ সম্পাদক নূরুল কবীর।
শিরোনাম :
বস্তুনিষ্ঠতাই সঠিক সাংবাদিকতার মানদণ্ড : তথ্যমন্ত্রী
- Update Time : 07:25:59 pm, Sunday, 2 August 2026
- 51
Tag :
Popular Post
























