জীবনের কোনো এক সময়ে যে মানুষটি ছিল সবচেয়ে কাছের, সম্পর্কের ইতি টানার পর সেই মানুষটিই হয়ে ওঠে অনেক দূরের। তবে সময়ের ব্যবধানে হঠাৎ কোনো রাস্তার মোড়ে, পরিচিত ক্যাফেতে কিংবা অন্য কোথাও প্রাক্তনের সঙ্গে দেখা হয়ে যেতেই পারে। এমন পরিস্থিতিতে আবেগ নিয়ন্ত্রণ করে কীভাবে আচরণ করা উচিত, তা জানা জরুরি। সৌজন্য বজায় রাখুন : প্রাক্তনের সঙ্গে চোখাচোখি হলে একটি হালকা হাসি বা মাথা নেড়ে সৌজন্য প্রকাশ করা যেতে পারে। কথা বলতে হলে ভদ্র ও সংক্ষিপ্তভাবে বলাই ভালো। অতিরিক্ত আবেগ কিংবা রাগ প্রকাশ পরিস্থিতিকে অস্বস্তিকর করে তুলতে পারে। পুরোনো কষ্ট নতুন করে টেনে আনবেন না : হঠাৎ দেখা হওয়ার মুহূর্তে অতীতের ভুল, দুঃখ বা তিক্ত অভিজ্ঞতা নিয়ে আলোচনা না করাই শ্রেয়। যে সম্পর্ক শেষ হয়ে গেছে, তার পুরোনো ক্ষত আবার উসকে দিলে কারওই উপকার হয় না। বরং এটিকে জীবনের একটি অধ্যায়ের সঙ্গে স্বাভাবিকভাবে মুখোমুখি হওয়া হিসেবে দেখুন। অহংকার নয়, আত্মমর্যাদা গুরুত্বপূর্ণ : দীর্ঘদিন পর দেখা হলে নিজের বর্তমান জীবন নিয়ে বাড়াবাড়ি ধরনের আত্মপ্রচার করা ঠিক নয়। ‘আমি অনেক ভালো আছি’ বা ‘আমার জীবন এখন অনেক সুন্দর’—এ ধরনের বক্তব্য দিয়ে নিজেকে প্রমাণ করার চেষ্টা না করে স্বাভাবিক থাকুন। আত্মমর্যাদা বজায় রেখে সংক্ষিপ্ত কথোপকথনই সবচেয়ে ভালো উপায়। বর্তমান সম্পর্ক ও বাস্তবতাকে সম্মান করুন : যদি আপনার নতুন কোনো সম্পর্ক বা পরিবার থাকে, তাহলে সেই বাস্তবতাকে গুরুত্ব দিন। একইভাবে প্রাক্তনের বর্তমান জীবনকেও সম্মান করা প্রয়োজন। অতীতের বিষয় নিয়ে এমন কোনো আলোচনা করা উচিত নয়, যা বর্তমান সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। দীর্ঘ আলাপ এড়িয়ে চলুন : প্রাক্তনের সঙ্গে আগে থেকেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না থাকলে বা দীর্ঘদিন যোগাযোগ না থাকলে অপ্রয়োজনীয় দীর্ঘ আলাপ না করাই ভালো। বেশি সময় কথা বলতে গেলে পুরোনো আবেগ বা ভুল বোঝাবুঝি ফিরে আসতে পারে। তাই নিজের সীমারেখা বজায় রাখা জরুরি। প্রাক্তনের সঙ্গে হঠাৎ দেখা হওয়া অস্বাভাবিক কিছু নয়। এমন পরিস্থিতিতে ভদ্রতা, সংযম এবং আত্মমর্যাদা বজায় রাখাই সবচেয়ে পরিণত আচরণ।
শিরোনাম :



















